সাপের কামড়ে মৃত্যু কমানো এবং দেশের বিষধর সাপের বিষের বিরুদ্ধে কার্যকর অ্যান্টিভেনম তৈরির লক্ষ্যে প্রায় ৪৪ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ প্রকল্পের আওতায় চট্টগ্রাম মেডিকেল কলেজে অবস্থিত ভেনম রিসার্চ সেন্টার বাংলাদেশকে (ভিআরসি,বি) শক্তিশালী করে পূর্ণাঙ্গ জাতীয় ভেনম গবেষণা কেন্দ্রে উন্নীত করা হবে।
‘স্ট্রেংদেনিং অব ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ’ শীর্ষক তিন বছর মেয়াদি প্রকল্পটি ২০২৬ সালের জুলাই থেকে ২০২৯ সালের জুন পর্যন্ত বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে স্বাস্থ্য অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করবে।
উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুযায়ী, প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ৪৩ কোটি ৯৯ লাখ টাকা। এর সম্পূর্ণ অর্থায়ন করবে সরকার।
প্রকল্পের আওতায় আধুনিক গবেষণাগার প্রতিষ্ঠা, সাপ পালন, বিষ সংগ্রহ ও বিশ্লেষণ এবং বিষবিদ্যা নিয়ে গবেষণার ব্যবস্থা করা হবে। পাশাপাশি নিরাপদ, কার্যকর ও সাশ্রয়ী অ্যান্টিভেনম তৈরির উপযোগী পরীক্ষাগার গড়ে তোলা, চিকিৎসকদের জন্য ক্লিনিক্যাল নির্দেশিকা প্রণয়ন এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের ২০২২ সালের দেশব্যাপী জরিপ অনুযায়ী, বাংলাদেশে বছরে আনুমানিক চার লাখ মানুষ সাপের কামড়ের শিকার হন। এতে মারা যান প্রায় ৭ হাজার ৫০০ জন। আক্রান্তদের বড় একটি অংশ ৩০ থেকে ৪০ বছর বয়সী কর্মক্ষম মানুষ।
প্রকল্পের বিবরণে বলা হয়েছে, বাংলাদেশে বর্তমানে ব্যবহৃত অ্যান্টিভেনমের একটি বড় অংশ ভারত থেকে আমদানি করা হয়। এটি মূলত ভারতের প্রধান চার প্রজাতির বিষধর সাপের বিষের বিরুদ্ধে তৈরি। ফলে বাংলাদেশের বিভিন্ন প্রজাতির সাপের বিষের ক্ষেত্রে এর কার্যকারিতা পুরোপুরি নিশ্চিত নয়। দেশীয় সাপের বিষের বৈশিষ্ট্য অনুযায়ী অ্যান্টিভেনম তৈরির প্রয়োজনীয়তা থেকেই এ প্রকল্প নেওয়া হয়েছে।
বাসসকে ভেনম রিসার্চ সেন্টার বাংলাদেশের প্রধান গবেষক অধ্যাপক ডা. অনিরুদ্ধ ঘোষ বলেন, ২০১৭-১৮ অর্থবছরে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় চট্টগ্রাম মেডিকেল কলেজে কেন্দ্রটি প্রতিষ্ঠা করা হয়। ২০২৪ সালে সংশ্লিষ্ট কর্মসূচি বন্ধ হয়ে যাওয়ার পর কেন্দ্রটির কার্যক্রম চালু রাখা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
তিনি বলেন, নতুন প্রকল্পটি বাংলাদেশের নিজস্ব বিষধর সাপের বিরুদ্ধে অ্যান্টিভেনম তৈরির পথ সুগম করবে। প্রকল্প পরিচালক নিয়োগের পর শিগগিরই কার্যক্রম শুরু হবে।
বর্তমানে কেন্দ্রটিতে ৩ হাজার বর্গফুট জায়গাজুড়ে সর্পশালা, ইঁদুর প্রজনন কক্ষ, সাপের চিকিৎসাকেন্দ্র, কোয়ারেন্টাইন কক্ষ ও গবেষণাগার রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত ৩৭০টিরও বেশি সাপের নমুনাও রয়েছে সেখানে। এর মধ্যে গোখরা, কিং কোবরা, কালাচ, চন্দ্রবোড়া ও সবুজ পিট ভাইপার উল্লেখযোগ্য।
কেন্দ্রটিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে ১১ প্রজাতির সাপ থেকে এখন পর্যন্ত ১ হাজার ৫০৪ দশমিক ৭৮ গ্রাম বিষ সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি চন্দ্রবোড়ার বিষের বিরুদ্ধে অ্যান্টিভেনম তৈরির ক্ষেত্রেও অগ্রগতি অর্জিত হয়েছে।
প্রকল্পের আওতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে।
গবেষক ডা. অনিরুদ্ধ ঘোষ বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে কেন্দ্রটি দেশের বিজ্ঞানী, প্রাণিবিজ্ঞানী ও বিষ নিয়ে গবেষণাকারীদের জন্য বিশেষায়িত গবেষণাগার হিসেবে কাজ করবে। ভবিষ্যতে দেশীয় অ্যান্টিভেনম উৎপাদন বাড়লে আমদানির ওপর নির্ভরশীলতা কমানো সম্ভব হবে।
উল্লেখ্য, ২০৩০ সালের মধ্যে সাপের কামড়ে মৃত্যুর হার ৫০ শতাংশ কমানোর লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক কৌশলের সঙ্গেও প্রকল্পটি সামঞ্জস্যপূর্ণ।
সূত্র: বাসস