রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালে। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব প্রায় ৫১৬ কিলোমিটার।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সকাল ৭টা ৩২ মিনিটে অনুভূত ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩। এটিকে মাঝারি মাত্রার ভূমিকম্প হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী কর্মকর্তা ফারজানা সুলতানা প্রথম আলোকে জানান, চলতি মাসে এর আগে এত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়নি। ভূমিকম্পটির মাত্রা তুলনামূলক বেশি হওয়ায় উৎপত্তিস্থল দূরে হলেও রংপুর ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়েছে।
তবে নেপালের ন্যাশনাল আর্থকোয়েক মনিটরিং অ্যান্ড রিসার্চ সেন্টার ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৬ বলে জানিয়েছে। নেপালের সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন অনুযায়ী, নেপাল-তিব্বত সীমান্তবর্তী তাপ্লেজং জেলার ওলাংচুং গোলা এলাকায় ছিল এর উৎপত্তিস্থল।
ভূমিকম্পটি নেপাল ছাড়াও বাংলাদেশ, ভারত, ভুটান ও চীনের বিভিন্ন এলাকায় অনুভূত হয়েছে।
সূত্র: দ্য কাঠমান্ডু পোস্ট