দুই বছরের বেশি সময় ধরে ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফিরতে চান। এ জন্য দিল্লি থেকে ঢাকায় ফেরার ক্ষেত্রে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বক্তব্যে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী এ তথ্য জানান। তাঁর দাবি, এই প্রথম দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করেছেন শেখ হাসিনা।
মুখপাত্রের দেওয়া বিবৃতি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের বিমানেই শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল। তাই এবারও সরকারের কাছে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে নতুন পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয় নথি দেওয়ার দাবিও জানিয়েছেন শেখ হাসিনা।
বিবৃতিতে বলা হয়, সংবিধানের পরিপন্থীভাবে শেখ হাসিনাকে নির্বাসনে পাঠানো হয়েছে। বিজয় দিবসে তাঁর দেশে ফেরার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব।
এদিকে, এ বিষয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিক সাড়া দেননি। এর আগে রোববার এক বাংলাদেশি মন্ত্রী রয়টার্সকে জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। তাঁকে দেশে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে সরকারের কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ওই অভ্যুত্থান ঘিরে প্রাণঘাতী দমন-পীড়নে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের নভেম্বরে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাঁকে মৃত্যুদণ্ড দেন। তবে নির্বাসনে থাকা শেখ হাসিনা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন।
সূত্র: রয়টার্স