মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

পুরুষের অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে আয়ু, বলছে নতুন গবেষণা


প্রকাশ : (৭ ঘন্টা আগে)
পুরুষের অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে আয়ু, বলছে নতুন গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক নিয়ে নতুন তথ্য পেয়েছেন বিজ্ঞানীরা। ইঁদুরের ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর অণ্ডকোষ অপসারণ করা হলে তাদের আয়ু স্বাভাবিক ইঁদুরের তুলনায় প্রায় ৩৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। তবে গবেষকরা বলছেন, মানুষের ক্ষেত্রে এই ফলাফল এখনই প্রয়োগ করার সুযোগ নেই।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস হেলথ সায়েন্স সেন্টার অ্যাট সান আন্তোনিওর বার্ধক্যবিষয়ক গবেষক জেমস নেলসন ও তাঁর সহকর্মীরা এ গবেষণা পরিচালনা করেন। সম্প্রতি গবেষণার ফলাফল গবেষণাপূর্ব নিবন্ধ হিসেবে প্রকাশিত হয়েছে।

গবেষণায় পুরুষ ইঁদুরকে তিনটি ভিন্ন বয়সে অস্ত্রোপচারের মাধ্যমে অণ্ডকোষ অপসারণ করা হয়। প্রথম দলকে বয়ঃসন্ধির আগে, দ্বিতীয় দলকে বয়ঃসন্ধির পর এবং তৃতীয় দলকে ২৪০ দিন বয়সে অস্ত্রোপচার করা হয়। মানুষের বয়সের হিসাবে শেষ বয়সটি প্রায় ৩০ বছরের সমান।

গবেষণার ফলাফলে দেখা যায়, বয়ঃসন্ধির আগে অণ্ডকোষ অপসারণ করা ইঁদুরের আয়ু বেড়েছে প্রায় ১৯ শতাংশ। বয়ঃসন্ধির পর অস্ত্রোপচার করা ইঁদুরের আয়ু বেড়েছে ২৬ শতাংশ। আর ২৪০ দিন বয়সে অস্ত্রোপচার করা ইঁদুরের আয়ু বেড়েছে প্রায় ৩৩ শতাংশ।

গবেষকদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, জীবনের প্রাথমিক পর্যায়ের পরিবর্তে প্রাপ্তবয়স্ক অবস্থায় অস্ত্রোপচার করা ইঁদুরের আয়ু সবচেয়ে বেশি বেড়েছে। এতে ধারণা পাওয়া যাচ্ছে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরও অণ্ডকোষ থেকে নিঃসৃত কোনো উপাদান বার্ধক্য ও আয়ুর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

তবে আয়ু বাড়লেও ইঁদুরগুলোর শারীরিক সক্ষমতা বা বার্ধক্যজনিত দুর্বলতার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি দেখা যায়নি। অস্ত্রোপচার করা ও স্বাভাবিক ইঁদুরগুলোর শারীরিক শক্তি কমার গতি প্রায় একই ছিল। ফলে আয়ু বৃদ্ধির পেছনে কোন জৈবিক প্রক্রিয়া কাজ করেছে, তা এখনো নিশ্চিত হতে পারেননি বিজ্ঞানীরা।

গবেষকদের ধারণা, অণ্ডকোষ থেকে নিঃসৃত কোনো উপাদান বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। এ ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোনের ভূমিকা রয়েছে কি না, তা নিয়েও গবেষণা চলছে। তবে শুধু এই হরমোনকে দায়ী করার মতো পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি।

গবেষণার সঙ্গে যুক্ত নন, এমন বার্ধক্যবিষয়ক গবেষক স্টিভ অস্টাড জানিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় অস্ত্রোপচার করা ইঁদুরগুলোর বেঁচে থাকার হারে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। অন্যদিকে নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি অব ওটাগোর বিবর্তনীয় জীববিজ্ঞানী মাইকেল গ্যারাট মনে করেন, জীবনের শেষ পর্যায়ে অণ্ডকোষ অপসারণের সঙ্গে আয়ু বৃদ্ধির সম্পর্ক নিয়ে নতুন গবেষণাটি গুরুত্বপূর্ণ ধারণা দিয়েছে।

মানুষের ক্ষেত্রে নারী ও পুরুষের গড় আয়ুর পার্থক্য দীর্ঘদিন ধরেই বিজ্ঞানীদের গবেষণার বিষয়। বিভিন্ন বয়সজনিত রোগে পুরুষদের আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি হওয়ায় এর পেছনে হরমোন ও শারীরিক গঠনের ভূমিকা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

গবেষকদের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো অণ্ডকোষ অপসারণ ছাড়াই এর সম্ভাব্য আয়ুবর্ধক প্রভাব পাওয়া যায়, এমন ওষুধ বা চিকিৎসাপদ্ধতি তৈরি করা। এ ধরনের সম্ভাব্য চিকিৎসাকে বলা হচ্ছে ‘ক্যাসট্রেশন মিমেটিকস’।

তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, গবেষণাটি কেবল ইঁদুরের ওপর পরিচালিত হয়েছে। মানুষের ক্ষেত্রে একই ফল পাওয়া যাবে, এমন কোনো প্রমাণ এখনো নেই। তাই আয়ু বাড়ানোর উপায় হিসেবে অণ্ডকোষ অপসারণকে বিবেচনা করার সুযোগ নেই। এ বিষয়ে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে আরও গবেষণা প্রয়োজন।

বিজ্ঞাপন