বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি শুরু


প্রকাশ : (৪ ঘন্টা আগে)
শাপলা চত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ আসামির অভিযোগ গঠনের শুনানি শুরু

রাজধানীর শাপলা চত্বরে ২০১৩ সালে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ শুনানি শুরু হয়। শুনানিতে অংশ নিতে কারাগারে থাকা ১১ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

শুনানিতে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম অংশ নেন। এ মামলায় মোট ৪১ জন আসামির মধ্যে ১১ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বাকি ৩০ জন পলাতক। বৃহস্পতিবার কারাগারে থাকা ১১ আসামিকেই ট্রাইব্যুনালে হাজির করা হয়।

শুনানির শুরুতে আসামিপক্ষের আইনজীবীরা মামলার কিছু নথি না পাওয়ার বিষয়টি ট্রাইব্যুনালকে জানান। এ নিয়ে প্রসিকিউশন ও আসামিপক্ষের মধ্যে বাদানুবাদ হয়। পরে ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে শুনানি শুরু করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি শাপলা চত্বরে সংঘটিত ঘটনার বিবরণ তুলে ধরেন। অভিযোগ গঠনের বিষয়ে উভয় পক্ষের বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে মামলার পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আসামিরা হলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, আবদুল লতিফ সিদ্দিকী, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপা।

অন্যদিকে, পলাতক ৩০ আসামির মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাবেক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক প্রতিমন্ত্রী মৃণাল কান্তি দাস, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ এবং গণজাগরণ মঞ্চের সাবেক মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।

এ ছাড়া পলাতক আসামিদের মধ্যে রয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, তৎকালীন র‍্যাব মহাপরিচালক মো. আসাদুজ্জামান, সাবেক অতিরিক্ত আইজিপি শেখ মুহাম্মাদ মারুফ হাসান, মাহবুব হোসেন, মনিরুল ইসলাম এবং সাবেক ডিআইজি হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার সরকার ও সৈয়দ নুরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন