আসন্ন পবিত্র রমজান উপলক্ষে সারা দেশে ৫২০টি ট্রাকে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রির পরিকল্পনা নিয়েছে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এর মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পণ্য কেনার সুযোগ পাবেন প্রায় ৪০ লাখ মানুষ। গত রমজানের তুলনায় এবার ট্রাকের সংখ্যা বাড়ছে ৭০টি এবং উপকারভোগী বাড়ছেন ছয় লাখ।
গত রমজানে সারা দেশে ৪৫০টি ট্রাকে পণ্য বিক্রি করেছিল টিসিবি। এবার তা বাড়িয়ে ৫২০টি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে স্মার্ট কার্ডধারীদের পাশাপাশি কার্ডবিহীন সাধারণ ভোক্তাদের জন্যও খোলাবাজারে পণ্য বিক্রির (ওএমএস) উদ্যোগ নেওয়া হচ্ছে।
রমজানে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্যতেল, মসুর ডাল ও চিনি অতিরিক্ত আমদানির প্রস্তুতিও নিচ্ছে সংস্থাটি।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ বলেন, রমজানে পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে সংস্থাটির নিজস্ব ক্রয় পরিকল্পনা রয়েছে। সে অনুযায়ী প্রস্তুতি এগিয়ে চলছে। নিয়মিত পণ্য সরবরাহে কোনো সমস্যা হবে বলে তিনি মনে করেন না।
তিনি বলেন, স্মার্ট কার্ডের নিয়মিত কার্যক্রমের বাইরে আরও বেশি মানুষের কাছে পণ্য পৌঁছে দিতে সরকার অতিরিক্ত বিক্রির বিষয়টি বিবেচনা করছে। এ লক্ষ্যে ভোজ্যতেল, ডাল ও চিনি আমদানির জন্য বিদেশি সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কিছু পণ্যের জন্য দরপত্রও আহ্বান করা হয়েছে।
টিসিবি চেয়ারম্যান জানান, অতিরিক্ত আমদানির পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি। তবে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রির পরিমাণও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
রমজান ঘিরে বড় আমদানি পরিকল্পনা
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে টিসিবি একটি ক্রয় পরিকল্পনা তৈরি করেছে। এর আওতায় স্থানীয় ও আন্তর্জাতিক উৎস থেকে ২২ কোটি লিটার ভোজ্যতেল, ২ লাখ ২০ হাজার টন মসুর ডাল, ১ লাখ ১০ হাজার টন চিনি, ১৪ হাজার টন ছোলা এবং ৪ হাজার ৪০০ টন খেজুর সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এদিকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ভোজ্যতেল, চিনি, ছোলা, মসুর ডাল ও খেজুরের আমদানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় বেড়েছে।
এ সময়ে দেশে ভোজ্যতেল আমদানি হয়েছে ৮ লাখ ২৩ হাজার টন, যা আগের বছরের একই সময়ে ছিল ৭ লাখ ৫ হাজার টন। সয়াবিন বীজ আমদানি বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১ হাজার টনে।
একই সময়ে চিনি আমদানি হয়েছে ৬ লাখ ৮৭ হাজার টন, যা আগের বছরের তুলনায় ১ লাখ ৫৩ হাজার টন বেশি।
রমজানে ইফতারের অন্যতম উপকরণ ছোলার আমদানিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রায় চার মাসে ছোলা আমদানি হয়েছে ৮২ হাজার টন। আগের বছরের একই সময়ে এর পরিমাণ ছিল মাত্র ১২ হাজার টন।
এ ছাড়া মসুর ডাল আমদানি হয়েছে ১ লাখ ২২ হাজার টন, যা আগের বছরের তুলনায় ৬৪ হাজার টন বেশি। অন্যদিকে, খেজুর আমদানি বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার টনে। আগের বছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৪ হাজার টন।
টিসিবির বাড়তি ট্রাকে পণ্য বিক্রি, অতিরিক্ত আমদানির প্রস্তুতি এবং বাজারে পণ্যের আমদানি বৃদ্ধির ফলে আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে আশাবাদ তৈরি হয়েছে।