বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

কয়েদির পেটে মিলল অর্ধশতাধিক গ্যাস লাইটার, স্ক্রু ও নেইল কাটার


প্রকাশ : (১০ ঘন্টা আগে)
কয়েদির পেটে মিলল অর্ধশতাধিক গ্যাস লাইটার, স্ক্রু ও নেইল কাটার

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির পেটে অস্ত্রোপচার করে অর্ধশতাধিক গ্যাস লাইটারসহ নেইল কাটার, লোহার স্ক্রু ও ইটের টুকরা উদ্ধার করেছেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার পেটে অস্ত্রোপচার করা হয়।

অস্ত্রোপচার হওয়া কয়েদির নাম হাসমত আলী (৪৪)। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার রামদেবপুর গ্রামের মৃত ছমেদ আলীর ছেলে। একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।

কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসমত আলী পেটে তীব্র ব্যথার কথা জানান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় তার পেটে জটিল শারীরিক সমস্যার পাশাপাশি অপচনশীল বস্তুর উপস্থিতি শনাক্ত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে জরুরি পরীক্ষা-নিরীক্ষার পর গত ৪ নভেম্বর তার পেটে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। এ সময় পেট থেকে অর্ধশতাধিক গ্যাস লাইটার, নেইল কাটার, লোহার স্ক্রু ও ইটের টুকরা বের করা হয়।

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাবার হত্যাকাণ্ডের পর থেকেই হাসমত আলী মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। কারাগারে বন্দি অবস্থায় মানসিক কষ্ট ভুলে থাকতে তিনি বিভিন্ন কাজে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন। পরে তাকে পরিচ্ছন্নতাকর্মীর দায়িত্ব দেওয়া হয়।

পরিচ্ছন্নতার কাজ করার সময় তিনি গোপনে ময়লা-আবর্জনা থেকে পরিত্যক্ত গ্যাস লাইটার ও অন্যান্য বস্তু সংগ্রহ করে খেয়ে ফেলতেন। একপর্যায়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিষয়টি সামনে আসে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, অস্ত্রোপচারের পর হাসমত আলী বর্তমানে সুস্থ ও শঙ্কামুক্ত রয়েছেন। তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সূত্র: দৈনিক ইত্তেফাক

বিজ্ঞাপন