আগামী ১৯ নভেম্বর লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মণ্ডলেরহাট এলাকায় ১৫ কিলোমিটার দীর্ঘ মডেল খাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে খালটি পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মন্ত্রী বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের পরিত্যক্ত খালগুলো পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বছর দেশের আটটি জেলায় ৩০টি মডেল খাল চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে লালমনিরহাটের মহেন্দ্রনগর খাল অন্যতম। আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী এই খাল খনন কর্মসূচিতে অংশ নেবেন।
মন্ত্রী বলেন, মডেল খালটি শুধু পানি নিষ্কাশন ও সংরক্ষণের কাজে ব্যবহৃত হবে না; এর দুই পাশে গাছ লাগানো, মাছ ও হাঁস চাষের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি স্থানীয় হতদরিদ্র মানুষকে ২০ জন করে সমবায় সমিতির মাধ্যমে সম্পৃক্ত করা হবে। তাঁরা খালের দেখভাল ও এসব কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়ে কর্মসংস্থানের সুযোগ পাবেন।
তিনি আরও বলেন, মহেন্দ্রনগর থেকে শুরু হয়ে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ খালটি তিস্তা নদীতে গিয়ে মিলিত হবে। প্রধানমন্ত্রীর সফরে খাল উদ্বোধনের পাশাপাশি এভিয়েশন বিশ্ববিদ্যালয় পরিদর্শন, ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের কার্যক্রম পরিদর্শন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত একটি দুর্যোগসহনশীল বাড়ি উদ্বোধনের কর্মসূচিও রয়েছে।
এ সময় জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।