বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বাড়িয়েছে সরকার


প্রকাশ : (১০ ঘন্টা আগে)
আট মাসে সরকারি হাসপাতালে ৩ হাজার ৪৮ শয্যা বাড়িয়েছে সরকার

দেশের সরকারি হাসপাতালগুলোতে গত আট মাসে ৩ হাজার ৪৮টি শয্যা বৃদ্ধি করেছে সরকার। মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত ও হাসপাতালগুলোতে শয্যাসংকট কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সময়ে ঠাকুরগাঁও ও নরসিংদীতে নতুন দুটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার পাশাপাশি শয্যাসংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। ২৮ এপ্রিল থেকে ১৯ অক্টোবর পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন সিদ্ধান্তসংক্রান্ত নথি বিশ্লেষণ করে শয্যা বৃদ্ধির এ তথ্য পাওয়া গেছে।

গত ৮ সেপ্টেম্বর বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ১ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৮০০ করা হয়েছে। এ ছাড়া ২১ মে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ১ হাজার করা হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শয্যাসংখ্যা ১ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৩০০ করা হয়েছে। একই দিনে রাজবাড়ী সদর হাসপাতালের শয্যা ১০০ থেকে ২৫০ এবং জয়পুরহাট জেনারেল হাসপাতালের শয্যা ২৫০ থেকে ৪০০ করা হয়। রাঙামাটি জেনারেল হাসপাতালের শয্যাসংখ্যাও ১০০ থেকে বাড়িয়ে ২৫০ করা হয়েছে।

এদিকে নরসিংদী জেলা হাসপাতালের শয্যা ১০০ থেকে বাড়িয়ে ২৫০ করা হয়েছে। কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০টি এবং পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯টি শয্যা বৃদ্ধি করা হয়েছে। কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ৫০টি শয্যা বাড়ানো হয়েছে।

এ ছাড়া ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের শয্যাসংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৭০০ করা হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত জাতীয় নাক-কান-গলা ইনস্টিটিউটের সক্ষমতা ২৫০ শয্যায় উন্নীত করতে ১১৫টি শয্যা বাড়ানো হয়েছে।

উপজেলা পর্যায়েও স্বাস্থ্যসেবার সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার। জুনে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হলেও ১২ আগস্ট তা সংশোধন করে পর্যায়ক্রমে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়।

এ ছাড়া বগুড়ার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শয্যা ৩১ থেকে ৫০ করা হয়েছে। রংপুরের তারাগঞ্জ, সিলেটের ওসমানীনগর, পাবনার আটঘরিয়া ও ফেনীর ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯টি করে শয্যা বাড়ানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুল ইসলাম বাসসকে বলেন, সরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া মানুষের সাংবিধানিক অধিকার। সরকার মানুষকে উন্নত চিকিৎসাসেবা দিতে কাজ করছে।

তিনি বলেন, হাম ও ডেঙ্গুতে আক্রান্ত রোগীরা যাতে হাসপাতালে এসে শয্যা পেতে সমস্যায় না পড়েন, সে জন্য মানুষের প্রয়োজন বিবেচনায় দেশের বিভিন্ন হাসপাতালে ৩ হাজারের বেশি শয্যা বাড়ানো হয়েছে। আগামী এক বছরের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫১ শয্যায় উন্নীত করা হলে দেশের চিকিৎসাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: বাসস

বিজ্ঞাপন