পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি কলেজে আজ থেকে আনুষ্ঠানিক ছুটি শুরু হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা অনুযায়ী, বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে কলেজগুলোতে ছুটি শুরু হয়ে ক্লাস পুনরায় চালু হবে ২৯ মার্চ।
ছুটির সূচি অনুযায়ী, রমজান, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন কলেজ বন্ধ থাকবে। এরপর ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে সরকারি ছুটি এবং পরবর্তী শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় মোট বিরতির সময় দাঁড়াচ্ছে প্রায় ৩৯ দিন। ফলে ২৯ মার্চ, রোববার থেকে আবার নিয়মিত ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।
এছাড়া বার্ষিক ছুটির তালিকায় ঈদুল আজহা উপলক্ষে ২৪ মে থেকে ৫ জুন পর্যন্ত ১০ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। দুর্গাপূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বছরের শেষে শীতকালীন অবকাশ হিসেবে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ১১ দিনের ছুটিও রাখা হয়েছে।
প্রতিবছরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের জন্য তিন দিন সংরক্ষিত ছুটি রাখা হয়েছে, যা প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যাবে।
অন্যদিকে, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকায় আগের বছরের তুলনায় ১২ দিন কমানো হয়েছে। শবে মেরাজ, জন্মাষ্টমী, আশুরাসহ কয়েকটি দিবসের ছুটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে রমজান মাসের অর্ধেকের বেশি সময় স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আলোচনা চলছে।
এদিকে, মাদরাসাগুলোতে পবিত্র রমজান উপলক্ষে ছুটি শুরু হয়েছে ১৫ ফেব্রুয়ারি থেকে।