রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ শিক্ষা

রমজান শুরুর আগেই মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ


প্রকাশ :

রমজান মাসে শিক্ষার্থীদের ছুটি নিশ্চিত করতে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। নতুন নির্দেশনা অনুযায়ী, আগে নির্ধারিত ৮ মার্চের পরিবর্তে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকেই এসব স্কুলে ছুটি শুরু হবে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ধারাবাহিক ধর্মীয় ছুটির কারণে টানা পাঁচ দিন বন্ধ থাকার পর সোমবার থেকে স্কুল, কলেজ ও মাদরাসা খোলার কথা ছিল। নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এরপর সাপ্তাহিক ছুটি এবং শ্রী শ্রী শিবরাত্রি উপলক্ষে শ্রেণি কার্যক্রম স্থগিত থাকায় টানা পাঁচ দিনের বিরতি তৈরি হয়।

ফেব্রুয়ারির শুরুতেই মাঘী পূর্ণিমা ও পবিত্র শবে বরাত উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে আলাদা ছুটি ছিল। বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, চলতি বছরে শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৬৪ দিনের ছুটি নির্ধারিত রয়েছে।

পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ৮ মার্চ থেকে রমজান শুরু হয়ে ঈদুল ফিতর, জুমাতুল বিদা ও স্বাধীনতা দিবস মিলিয়ে টানা ১৯ দিনের ছুটি থাকার কথা ছিল। তবে আদালতের নতুন নির্দেশে মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের ছুটি আরও আগে শুরু হচ্ছে। দীর্ঘ এ বিরতির পর আগামী ২৯ মার্চ থেকে শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু হবে।

এ ছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত টানা ১২ দিনের ছুটি থাকবে। দুর্গাপূজায় পাঁচ দিন, লক্ষ্মীপূজায় এক দিন, প্রবারণা পূর্ণিমায় এক দিন এবং ফাতেহা-ই-ইয়াজ দহম উপলক্ষে এক দিনের ছুটি নির্ধারিত রয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানপ্রধানের বিবেচনায় সংরক্ষিত দুই দিন ছুটি রাখা হয়েছে।