রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ শিক্ষা

তিন দফা দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের টানা তিন দিনের কর্মবিরতি


প্রকাশ :

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবিতে দেশজুড়ে তিন দিনের পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন। কর্মসূচি চলছে মঙ্গলবার ২৫ নভেম্বর থেকে, যা চলবে বৃহস্পতিবার ২৭ নভেম্বর পর্যন্ত। এ কারণে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোয় পাঠদান বন্ধ রয়েছে।

প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ জানিয়েছে, দীর্ঘ আলোচনার পরও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান অগ্রগতি না থাকায় তারা কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক সাবেরা বেগম জানান, তাদের মূল দাবি—সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেড প্রদান, শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পেতে যে জটিলতা রয়েছে তা দূর করা। তার ভাষায়, আশ্বাস মিললেও বাস্তবে কোনো পরিবর্তন না হওয়ায় তারা পূর্ণদিবস কর্মবিরতিতে নেমেছেন।

সংগঠনের আহ্বায়ক শাহীনূর আকতার রাতে প্রকাশিত এক বিবৃতিতে বলেন, ১ নভেম্বর সংবাদ সম্মেলনে ২২ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। অগ্রগতি না থাকায় কর্মসূচি আরও জোরদার করা ছাড়া উপায় নেই। তিনি জানান, দাবি পূরণ না হলে তারা বার্ষিক পরীক্ষা বর্জন এবং ১১ ডিসেম্বর থেকে লাগাতার অনশনে যাওয়ার ঘোষণা ইতোমধ্যে দিয়েছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ৬৫ হাজার ৫৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক সংখ্যা ৩ লাখ ৮৪ হাজার। চলতি বছরের ২৪ এপ্রিল মন্ত্রণালয় প্রধান শিক্ষকদের গ্রেড উন্নীত করলেও সহকারী শিক্ষকরা তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

তাদের অভিযোগ, স্নাতক ডিগ্রি থাকা সত্ত্বেও তারা এখনো ১৩তম গ্রেডে রয়েছেন, যেখানে অন্যান্য মন্ত্রণালয়ের কর্মকর্তা, নার্স, কৃষি কর্মকর্তা, পুলিশের সাব-ইন্সপেক্টর ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা একই শিক্ষাগত যোগ্যতায় দশম গ্রেড পেয়ে থাকেন।