মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ শিক্ষা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পদোন্নতির দাবিতে কর্মকর্তাদের অবস্থান কর্মসূচি


প্রকাশ :

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন থেকে  পদোন্নতির আশ্বাস দিয়ে তাদের সাথে বৈষম্য ও প্রতারণা করা হচ্ছে  এ অভিযোগে অবস্থান কর্মসূচিতে বসেছেন পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা| পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের অভিযোগ, একাধিকবার বোর্ডের তারিখ ঘোষণা এবং উপাচার্যের আশ্বাস সত্বেও পদোন্নতি বোর্ড অনুষ্ঠিত হয়নি| এতে দীর্ঘদিন ধরে তারা অনিশ্চয়তা ও ভোগান্তিতে পড়েছেন| 

সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় এ অবস্থান কর্মসূচি পালন করেন পদোন্নতি বঞ্চিত কর্মকর্তারা| এর আগে রোববার (২৮ জুন) নির্ধারিত পদোন্নতি বোর্ড অনুষ্ঠিত না হওয়ায় উপাচার্যের প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলেন| 

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, কয়েক দফা তারিখ নির্ধারণ করা হলেও পদোন্নতি বোর্ড বারবার স্থগিত হচ্ছে| ফলে পদোন্নতি প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় পড়েছে এবং কর্মকর্তারা বছরের পর বছর অপেক্ষায় রয়েছেন|

একাডেমিক শাখার সহকারী কম্পিউটার প্রোগ্রামার মনজুরুল ইসলাম বলেন, আমরা এ পর্যন্ত প্রায় ৫০ বার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছি| যথাযথ নিয়মে আবেদনও করেছি| দীর্ঘ সময়ে আমাদের পদোন্নতির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি| বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার বোর্ড বসানোর ক্ষেত্রে গড়িমসি করছেন|আগে আমরা কর্মবিরতি পালন করেছিলাম|তখন উপাচার্য ও রেজিস্ট্রারের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করি|গত ২৮ জুন বোর্ড অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হয়নি|

গণিত বিভাগের সহকারী রেজিস্ট্রার আনোয়ার হোসেন বলেন, সর্বশেষ কর্মবিরতির পর ৯ জুন আমাদের বোর্ড অনুষ্ঠিত হবে বলে খুদেবার্তার মাধ্যমে জানানো হয়| পরে ১৬ জুন বোর্ডের তারিখ নির্ধারণ করা হলেও উপাচার্যের বিদেশ সফরের কারণে তা স্থগিত করা হয়|

বলা হয় তিনি বিদেশ থেকে ফিরে ২৮ জুন বোর্ড করবেন|সে প্রতিশ্রুতি আজও বাস্তবায়ন হয়নি|যা প্রতারণার শামিল| বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান,পরে এ বিষয়ে কথা বলবেন|