বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ শিক্ষা

ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি: টানা বন্ধ থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান


প্রকাশ :

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের সবস্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলোতে আগামী ২৪ মে থেকে এ ছুটি কার্যকর হবে। তবে মাঝখানে সাপ্তাহিক ছুটি থাকায় অধিকাংশ শিক্ষার্থী ২১ মে ক্লাস শেষে টানা ছুটিতে যাওয়ার সুযোগ পাচ্ছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের সংশোধিত শিক্ষাপঞ্জি থেকে এ তথ্য জানা গেছে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২২ ও ২৩ মে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২১ মে বৃহস্পতিবারই অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের শেষ ক্লাস অনুষ্ঠিত হবে। এরপর ২৪ মে থেকে আনুষ্ঠানিকভাবে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে।

প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি চলবে ৪ জুন পর্যন্ত। পরে ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে ৭ জুন রোববার থেকে পাঠদান শুরু হবে। সব মিলিয়ে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টানা ১৬ দিনের অবকাশ পাচ্ছে।

অন্যদিকে মাদ্রাসাগুলোতে ছুটির সময় আরও বেশি রাখা হয়েছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসায় ২৪ মে থেকে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন রোববার শ্রেণিকক্ষে ফিরবে শিক্ষার্থীরা। এতে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রায় ২১ থেকে ২৩ দিনের টানা ছুটি উপভোগের সুযোগ পাচ্ছে।

এছাড়া জুনের পর জুলাই ও আগস্ট মাসেও কয়েকটি সরকারি ছুটি রয়েছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আগস্টে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছুটি নির্ধারণ করা হয়েছে। সেপ্টেম্বর মাসেও শুভ জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

প্রতি বছর ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিশ্রাম, পারিবারিক সময় কাটানো ও মানসিক প্রশান্তির সুযোগ দিতে শিক্ষাপঞ্জিতে দীর্ঘ ছুটির ব্যবস্থা রাখা হয়।