কু্ড়িগ্রামের রাজারহাট মহিলা ডিগ্রি কলেজে সদ্য অধ্যায়নরত একাদশ শ্রেণীর ছাত্রীদের শুভাগমন উপলক্ষে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রাজারহাট মহিলা ডিগ্রি কলেজ পরিবার আয়োজিত সোমবার সকাল এগারোটায় কলেজ কক্ষে নবীন বরণ অনুষ্ঠানে অধ্যক্ষ আসিফ ইকবাল সোহরাওয়ার্দ্দী'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গভর্নিং বডি সভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলী।প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ইয়াকুব আলী বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু জ্ঞান অর্জনের জায়গা নয়, এটি নৈতিকতা, মূল্যবোধ এবং ভবিষ্যতের পথচলার ভিত্তি গড়ে দেয়। তোমরা যারা আজ নবীন হিসেবে এই কলেজে এসেছো,তোমাদের প্রতিটি পদক্ষেপে লক্ষ্য থাকবে নিজের বিকাশের পাশাপাশি সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখার। নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা, এবং আত্মমর্যাদাবোধই তোমাদের সাফল্যের মূল চাবিকাঠি।
রাজারহাট মহিলা ডিগ্রি কলেজ ইতোমধ্যে নিজেকে একটি সুপ্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রমাণ করেছে, ভবিষ্যতে এই কলেজ থেকেই দেশসেবায় নিয়োজিত অনেক গুণী নারীর জন্ম হবে—এই প্রত্যাশা করি।”একাদশ শ্রেণীর শিক্ষার্থীর নবীন বরণ অনুষ্ঠানে সহকারী অধ্যাপক পলাশ চক্রবর্তী সঞ্চালনায় মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাতা প্রয়াত আব্দুল্লাহ সোহরাওয়ার্দ্দীর স্মৃতিচারণ করে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ,সহকারী অধ্যাপক এরশাদুন্নবী নবীন,সহকারী অধ্যাপক আব্দুল খালেক,সহকারী অধ্যাপক আহসান শামীম জুন্নু রাইন,সহকারী অধ্যাপক তাহমিনা আক্তার প্রমুখ।
নবীন বরণ অনুষ্ঠানে কাজী নজরুল ইসলামের মানুষ কবিতা আবৃত্তি করেন সহকারী অধ্যাপক পলাশ চক্রবর্তী।