লালমনিরহাটের হাতীবান্ধা জমসেদ আলী কৃষি প্রযুক্তি ইনস্টিটিউটের সহকারী শিক্ষক (শরীর চর্চা) আমিনুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা। গত ২৬ আগস্ট এ নোটিশ জারি করা হয়।
এর আগে, ২৫ আগস্ট ২০২৫ তারিখে শিক্ষক আমিনুর রহমান তাঁর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে কোনো তথ্য-উপাত্ত বা প্রমাণ ছাড়াই একটি পোস্ট শেয়ার করেন। পোস্টটিতে তিনি উল্লেখ করেন যে, হাতীবান্ধা মডেল কলেজে জাল সনদধারী একজন শিক্ষককে ৮ লাখ টাকার বিনিময়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর এ ধরনের পোস্ট বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি প্রবিধানমালা, ১৯৯৬-এর ২৭ ধারার পরিপন্থী, যা অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য।
এ বিষয়ে সহকারী শিক্ষক আমিনুর রহমান বলেন, “আমি ইতিমধ্যেই এ সংক্রান্ত একটি শোকজ নোটিশ পেয়েছি।” হাতীবান্ধার ইউএনও শামীম মিঞা নোটিশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।