সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ অন্যান্য

ক্রোমে এআই আপডেট, সহজ হলো ব্রাউজিং


প্রকাশ :

ইন্টারনেট ব্যবহারের ধরন আরও সহজ ও গতিশীল করতে ক্রোম ব্রাউজারের এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) মোডে বড় ধরনের হালনাগাদ এনেছে গুগল। নতুন এই পরিবর্তনে ব্যবহারকারীদের তথ্য অনুসন্ধান, তুলনা ও অনলাইন কাজের অভিজ্ঞতায় উল্লেখযোগ্য উন্নতি আসবে বলে দাবি প্রতিষ্ঠানটির।

সোমবার (২০ এপ্রিল) প্রকাশিত এ আপডেটের ফলে ব্রাউজিংয়ের সময় বারবার ট্যাব পরিবর্তনের প্রয়োজন অনেকটাই কমে যাবে। প্রাথমিকভাবে এটি যুক্তরাষ্ট্রের ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য চালু করা হয়েছে।

এই হালনাগাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজন ‘স্প্লিট-স্ক্রিন’ সুবিধা। এখন কোনো লিংকে ক্লিক করলে সেটি নতুন ট্যাবে না খুলে একই স্ক্রিনের পাশেই আলাদা উইন্ডোতে দেখা যাবে। ফলে একদিকে ওয়েবসাইট দেখা এবং অন্যদিকে এআইভিত্তিক বিশ্লেষণ—দুটি কাজই একসঙ্গে করা যাবে। এতে কাজের গতি বাড়বে এবং তথ্য তুলনা করা সহজ হবে।

এছাড়া যুক্ত হয়েছে ‘মাল্টি-মোডাল’ অনুসন্ধান সুবিধা। এর মাধ্যমে ব্যবহারকারীরা খোলা ট্যাব, ছবি বা পিডিএফ ফাইল থেকে সরাসরি তথ্য নিয়ে একসঙ্গে অনুসন্ধান চালাতে পারবেন। ব্রাউজারের সার্চ বক্সে থাকা নতুন ‘প্লাস’ মেনুর মাধ্যমে বিভিন্ন ফাইল ও ছবি সহজেই অনুসন্ধানে যুক্ত করা যাবে।

গুগল জানিয়েছে, এই আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট কোনো ওয়েবসাইটের তথ্য নিয়ে সরাসরি প্রশ্ন করতে পারবেন এবং সঙ্গে সঙ্গে তুলনামূলক বিশ্লেষণও দেখতে পাবেন। ফলে জটিল তথ্য খোঁজা ও বোঝা আরও সহজ হবে।

প্রতিষ্ঠানটি বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তাকে দৈনন্দিন ব্রাউজিংয়ের অবিচ্ছেদ্য অংশে পরিণত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ধাপে ধাপে বিশ্বের অন্যান্য অঞ্চলেও এই সুবিধা চালু করা হবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া