জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp-এ বড় পরিবর্তন আসছে। এতদিন পর্যন্ত ব্যবহারকারীদের ফোন নম্বরের মাধ্যমেই বার্তা, ছবি ও ভিডিও আদান–প্রদান করতে হতো। ফলে নম্বর প্রকাশ থাকায় অনেক সময় অপরিচিত ব্যক্তিদের কল বা মেসেজে বিরক্তির মুখে পড়তে হতো।
এই সমস্যা কমাতে নতুন ‘ইউজারনেম’ সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। ধাপে ধাপে এটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।
নতুন এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা ফোন নম্বর শেয়ার না করেই অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। নির্দিষ্ট একটি ইউজারনেম ব্যবহার করে সহজেই কাউকে খুঁজে বার্তা পাঠানো যাবে, তবে ব্যক্তিগত নম্বর গোপনই থাকবে। এতে অপরিচিতদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে গোপনীয়তা অনেকটাই বাড়বে।
জানা গেছে, অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় প্ল্যাটফর্মেই এই সুবিধা পাওয়া যাবে। ফিচারটি চালু হওয়ার পর প্রত্যেক ব্যবহারকারীকে নিজের জন্য একটি ইউনিক ইউজারনেম তৈরি করতে হবে, যা অন্য কেউ ব্যবহার করতে পারবে না।
ইউজারনেম তৈরির ক্ষেত্রে কিছু নিয়মও নির্ধারণ করা হয়েছে। এতে অন্তত একটি অক্ষর থাকতে হবে এবং সংখ্যা, ডট (.) ও আন্ডারস্কোর (_) ব্যবহার করা যাবে। তবে খুব ছোট বা অতিরিক্ত বড় ইউজারনেম গ্রহণ নাও করতে পারে অ্যাপটি।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই ফিচার চালু হলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় নতুন এক মাত্রা যুক্ত হবে।
সূত্র: টেকলুসিভ