বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ অন্যান্য

ঝুঁকিপূর্ণ অ্যাপে সাইবার প্রতারণা বাড়ছে, ফোনে থাকলে দ্রুত মুছুন


প্রকাশ :

স্মার্টফোন এখন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। তবে প্রয়োজন বুঝে ব্যবহার না করলে এই ডিভাইসই হয়ে উঠতে পারে বড় ধরনের ঝুঁকির কারণ। বিশেষজ্ঞরা বলছেন, না বুঝে বিভিন্ন অ্যাপ ইনস্টল করার প্রবণতা বাড়ায় সাইবার প্রতারণার ঝুঁকিও বাড়ছে।

অনেক ব্যবহারকারী মনে করেন Google Play Store বা Apple App Store-এ থাকা সব অ্যাপই নিরাপদ। বাস্তবে বিষয়টি ভিন্ন। এসব প্ল্যাটফর্মেও কখনও কখনও ভুয়া বা ক্ষতিকর অ্যাপ ঢুকে পড়ে, যা ব্যবহারকারীর অজান্তেই ব্যক্তিগত তথ্য চুরি করতে পারে।

সাম্প্রতিক সময়ে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা কয়েকটি ঝুঁকিপূর্ণ অ্যাপ সম্পর্কে সতর্ক করেছেন। তাদের মতে, এসব অ্যাপ ফোনে থাকলে দ্রুত মুছে ফেলা উচিত, কারণ এগুলোর মাধ্যমে ম্যালওয়্যার ছড়িয়ে ডিভাইসের নিয়ন্ত্রণ পর্যন্ত হ্যাকারদের হাতে চলে যেতে পারে।

ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত অ্যাপগুলোর মধ্যে রয়েছে ‘এসওইএক্স ক্রিপ্টোকারেন্সি অ্যাপ’, যা ইতোমধ্যে হাজারো ব্যবহারকারী ডাউনলোড করেছেন। বিশেষজ্ঞদের দাবি, এটি আসলে ম্যালওয়্যার বহন করে এবং ব্যবহারকারীদের প্রতারণার ঝুঁকিতে ফেলতে পারে।

এ ছাড়া ‘টিকটক ক্লোন অ্যাপ’ নামে ছড়ানো কিছু অ্যাপ ব্যবহারকারীদের ব্যাংকিং ও অনলাইন লেনদেন সংক্রান্ত তথ্য হাতিয়ে নিচ্ছে বলেও জানা গেছে। একইভাবে ‘ক্রিয়েট স্টিকার ফর হোয়াটসঅ্যাপ’ ও ‘আর্ট ফিল্টার’ অ্যাপেও ক্ষতিকর কোডের উপস্থিতি পাওয়া গেছে।

আরও কিছু অ্যাপ—যেমন ‘জিপিএস লোকেশন ফাউন্ডার’, ‘আর্ট গার্লস ওয়ালপেপার এইচডি’ এবং ‘স্মার্ট কিউ-আর ক্রিয়েটর’—ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, অনেক ভুয়া অ্যাপ দেখতে আসল অ্যাপের মতো হওয়ায় সাধারণ ব্যবহারকারীরা সহজে বিভ্রান্ত হন। একবার ইনস্টল করলেই এসব অ্যাপ ফোনের ব্যক্তিগত তথ্য সংগ্রহ শুরু করে এবং তা অপব্যবহারের ঝুঁকি তৈরি হয়।

তাই নতুন কোনো অ্যাপ ইনস্টল করার আগে ডেভেলপারের পরিচয়, অ্যাপের প্রকাশের সময়, ব্যবহারকারীর রিভিউ এবং ডাউনলোড সংখ্যা ভালোভাবে যাচাই করা জরুরি। একই নামে একাধিক অ্যাপ থাকলে বাড়তি সতর্কতা প্রয়োজন।

বিশেষ করে কোনো অ্যাপ যদি অডিও, ভিডিও, ক্যামেরা, লোকেশনসহ অপ্রয়োজনীয় তথ্যের অনুমতি চায়, তাহলে সেটি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সচেতন ব্যবহারই পারে সাইবার প্রতারণা থেকে নিরাপদ থাকতে—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।