বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ অন্যান্য

গেমারদের আকর্ষণে নতুন নিয়োগ কৌশল যুক্তরাষ্ট্রে


প্রকাশ :

ভিডিও গেমে দক্ষ তরুণদের বিমান চলাচল নিয়ন্ত্রণ পেশায় যুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। সংস্থাটি বলছে, গেম খেলার সময় যেসব দক্ষতা তৈরি হয়, সেগুলো এয়ার ট্রাফিক কন্ট্রোলের মতো জটিল ও চাপপূর্ণ পেশায় কাজে লাগে।

এফএএ সম্প্রতি এক প্রচারণায় জানিয়েছে, ভিডিও গেমে পারদর্শী ব্যক্তিরা দ্রুত সিদ্ধান্ত নেওয়া, একাধিক তথ্য একসঙ্গে বিশ্লেষণ করা এবং প্রযুক্তিনির্ভর পরিবেশে কাজ করার মতো গুরুত্বপূর্ণ সক্ষমতা স্বাভাবিকভাবেই অর্জন করে। এসব দক্ষতাকে কাজে লাগিয়ে তাদের বিমান নিয়ন্ত্রণ খাতে ক্যারিয়ার গড়তে উৎসাহিত করা হচ্ছে।

প্রস্তাবিত এ পেশায় যোগ দিলে তিন বছরের মধ্যেই একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলারের বার্ষিক আয় প্রায় ১ লাখ ৫৫ হাজার ডলার পর্যন্ত পৌঁছাতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৭০ লাখ টাকার বেশি।

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন পি. ডাফি জানিয়েছেন, পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে তরুণ প্রজন্মকে এই পেশায় আকৃষ্ট করতেই নিয়োগ কৌশল আধুনিক করা হচ্ছে। তাঁর মতে, গেমারদের মধ্যে থাকা মনোযোগ, গতি ও বিশ্লেষণ ক্ষমতা এই কাজের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ।

এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের কাজ অত্যন্ত দায়িত্বশীল ও চাপপূর্ণ। আকাশপথে বিমান চলাচল পর্যবেক্ষণ, নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং উড্ডয়ন-অবতরণে সঠিক নির্দেশনা দেওয়া—সবকিছুই তাদের দক্ষতার ওপর নির্ভর করে। যুক্তরাষ্ট্রে এই খাতে দীর্ঘদিন ধরেই জনবল সংকট রয়েছে।

ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকসের তথ্য অনুযায়ী, বর্তমানে কর্মরত প্রায় ১৪ হাজারের বেশি নিয়ন্ত্রকের বড় একটি অংশ ২০২৮ সালের মধ্যে অবসরে যাবে। এই ঘাটতি পূরণেই গেমারদের দিকে ঝুঁকছে নিয়োগ কৌশল।

ন্যাশনাল এয়ার ট্রাফিক কন্ট্রোলারস অ্যাসোসিয়েশনের সভাপতি নিক ড্যানিয়েলস এই উদ্যোগকে স্বাগত জানালেও সতর্ক করে বলেছেন, এটি অত্যন্ত সংবেদনশীল নিরাপত্তা খাত। তাই নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের মানদণ্ড শিথিল করা যাবে না।

কর্তৃপক্ষ আশা করছে, প্রযুক্তিনির্ভর এই নতুন কৌশল বিমান চলাচল নিয়ন্ত্রণ খাতে ভবিষ্যৎ জনবল সংকট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: বিবিসি