সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ অন্যান্য

জ্বালানি তেলের দাম বাড়ায় জামায়াতের প্রতিবাদ


প্রকাশ :

সরকারের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৯ এপ্রিল) থেকে নতুন মূল্য কার্যকর হওয়ার পর দলটি এ প্রতিক্রিয়া জানায়।

রোববার দেওয়া এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, নতুন দরে ডিজেল লিটারে ১৫ টাকা, কেরোসিন ১৮ টাকা, অকটেন ২০ টাকা এবং পেট্রোল ১৯ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এ ধরনের খাতভিত্তিক মূল্যবৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, জ্বালানি তেলের দাম বাড়লে পরিবহন ব্যয় বৃদ্ধি পাবে, যার সরাসরি প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে। ফলে খাদ্যপণ্যসহ অধিকাংশ পণ্যের দাম বেড়ে গিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠবে। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ এতে বেশি ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরও বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে শিল্প-কারখানার উৎপাদন ব্যয় বাড়বে, যা শেষ পর্যন্ত পণ্যের দামে প্রভাব ফেলবে এবং মূল্যস্ফীতি বাড়াতে পারে। পাশাপাশি কৃষি খাতেও চাপ সৃষ্টি হবে। সেচ, পরিবহন ও কৃষি উপকরণের খরচ বাড়ায় কৃষকের উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, যা খাদ্য নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।

বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ এমনিতেই জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, এ সিদ্ধান্ত তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। তিনি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা সহনীয় পর্যায়ে নামিয়ে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।