শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ অন্যান্য

নতুন বছর ২০২৬কে স্বাগত জানিয়ে গুগলের বিশেষ অ্যানিমেটেড ডুডল


প্রকাশ :

নতুন বছর ২০২৬কে বরণ করে নিতে বিশেষ অ্যানিমেটেড ডুডল প্রকাশ করেছে গুগল। নতুন ভাবনা, আত্মপর্যালোচনা এবং আগামীর আশাবাদকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে এবারের ডুডলটি।

ডুডলের শুরুতে দেখা যায় একটি নোটবুকের পাতায় লেখা ‘২০২৬’। পাশে রাখা কলম ও এক কাপ কফি ধীরে ধীরে দৃশ্যের আবহ তৈরি করে। এরপর ‘গুগল’ লেখার প্রথম ‘ও’ অক্ষরটি একে একে রূপ নেয় বিভিন্ন প্রতীকে। কখনো তা ডাম্বেলে পরিণত হয়ে শারীরিক সুস্থতার ইঙ্গিত দেয়, কখনো সুতার রূপ নিয়ে সৃজনশীলতার বার্তা দেয়। আবার শেফের টুপি ও সালাদের মাধ্যমে তুলে ধরা হয় স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের ভাবনা। হৃদয়ের চিহ্নসহ কফির কাপটি বোঝায় আরাম, উষ্ণতা ও মানসিক প্রশান্তি।

গুগলের তথ্যমতে, এবারের ডুডল একটি ‘ইউনিভার্সাল পজ বাটন’-এর প্রতীক। নতুন বছরের শুরুতে একবার থেমে নিজেকে দেখার, পুরোনো অভ্যাস ও পরিকল্পনার মূল্যায়ন করার এবং সামনে থাকা সময়কে নতুনভাবে সাজিয়ে নেওয়ার বার্তাই এতে তুলে ধরা হয়েছে।

ডুডলের বর্ণনায় গুগল জানিয়েছে, নতুন বছরের শুরু মানেই নতুনভাবে শুরু করার সুযোগ। বড় লক্ষ্য নির্ধারণ হোক বা ছোট ছোট মুহূর্ত উপভোগ—নতুন বছরের সূচনা যেন হয় ইতিবাচক ও উজ্জ্বল, সেই কথাই মনে করিয়ে দেয় এই ডুডল।

ডুডলটিতে ক্লিক করলে একটি ওয়েব পেজে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে ১ জানুয়ারির বৈশ্বিক গুরুত্ব এবং বিশ্বের বিভিন্ন দেশে দিনটি কীভাবে উদ্‌যাপন করা হয়, সে সম্পর্কিত তথ্য তুলে ধরা হয়েছে।

বিশেষ দিবস, ঐতিহাসিক ঘটনা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের স্মরণে নিয়মিত ডুডল প্রকাশ করে থাকে গুগল। গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুযায়ী ১ জানুয়ারি নতুন বছরের সূচনা। নতুন প্রত্যাশা, নতুন সংকল্প আর এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে দিনটি বিশ্বজুড়ে নানা আয়োজন ও উৎসবের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়।