সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ অন্যান্য

১৯৯ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৭৭ হাজারের বেশি বাংলাদেশি হজযাত্রী


প্রকাশ :

চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ১৯৯টি ফ্লাইটে ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্য দিয়ে চলতি মৌসুমের প্রাক-হজ ফ্লাইট কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২২ মে) মক্কায় বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন এ তথ্য নিশ্চিত করেন। হজ বুলেটিনে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্সের মাধ্যমে এসব হজযাত্রী সৌদি আরবে গেছেন।

এয়ারলাইনভিত্তিক তথ্যে দেখা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৮টি ফ্লাইটে ৩৮ হাজার ৭০২ জন, সৌদিয়া এয়ারলাইন্সের ৭৩টি ফ্লাইটে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৮টি ফ্লাইটে ১১ হাজার ৩৯০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

হজ বুলেটিন অনুযায়ী, সৌদি আরবে এখন পর্যন্ত ২১ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৫ জন পুরুষ ও ৬ জন নারী। মৃতদের মধ্যে ১৪ জন মক্কায় এবং ৭ জন মদিনায় মারা গেছেন।

এদিকে, সৌদিতে অবস্থানরত হজযাত্রীদের চিকিৎসাসেবা দিতে মেডিকেল টিম ইতোমধ্যে ৪৩ হাজার ৪৪০ জনকে চিকিৎসা দিয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্ক ২০ হাজার ২৮৮ জন হজযাত্রীকে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করেছে।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পেয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী রয়েছেন।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ৩০ মে থেকে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।