মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে তিউনিসিয়া ও তুরস্ক। দেশ দুটির সরকারি হিসাব অনুযায়ী, আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা দেয় তিউনিসিয়া। দেশটির ধর্মীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সে হিসাবে জিলহজের ১০ তারিখ পড়ছে ২৭ মে।
তুরস্কও একই তারিখে ঈদুল আজহা পালনের ঘোষণা দিয়েছে। দেশটি সাধারণত চাঁদ দেখার পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে ইসলামি মাস ও ধর্মীয় উৎসবের দিন নির্ধারণ করে থাকে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র (আইএসি) জানিয়েছে, ১৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে টেলিস্কোপের সাহায্যে চাঁদ দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আইএসি’র পূর্বাভাস অনুযায়ী, বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনাই বেশি।