বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ অন্যান্য

নেপালের পথে একদিনে ২৭৪ আরোহীর এভারেস্ট জয়, গড়লো নতুন রেকর্ড


প্রকাশ :

নেপালের দিক থেকে একদিনে সবচেয়ে বেশি পর্বতারোহীর এভারেস্ট জয়ের নতুন রেকর্ড তৈরি হয়েছে। বুধবার (২০ মে) একসঙ্গে ২৭৪ জন পর্বতারোহী বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে পৌঁছে এই ইতিহাস গড়েন।

২৯ হাজার ৩০ ফুট উচ্চতার এভারেস্ট নেপাল ও চীনের তিব্বত সীমান্তজুড়ে অবস্থিত। দুই দিক থেকেই সাধারণত এই পর্বতে আরোহণ করা গেলেও চলতি মৌসুমে চীন সরকার তিব্বতের দিক থেকে কোনো আরোহনের অনুমতি দেয়নি। ফলে অধিকাংশ অভিযাত্রীকে নেপালের রুট ব্যবহার করতে হয়েছে।

নেপালের পর্যটন ও অভিযাত্রা সংশ্লিষ্ট কর্মকর্তা ঋষি ভান্ডারি বৃহস্পতিবার জানান, এর আগে ২০১৯ সালের ২২ মে নেপালের দিক থেকে একদিনে সর্বোচ্চ ২২৩ জন এভারেস্ট জয় করেছিলেন। এবার সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, “নেপালের দিক থেকে একদিনে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক আরোহীর এভারেস্ট জয়।” তবে এখনো কয়েকজন পর্বতারোহী বেস ক্যাম্পে নিজেদের সাফল্যের তথ্য পাঠাননি বলে চূড়ান্ত সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

নেপালের পর্যটন বিভাগের কর্মকর্তা হিমাল গৌতম বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী বুধবার ২৫০ জনের বেশি আরোহী চূড়ায় উঠেছেন। তবে ছবি ও অন্যান্য প্রমাণ যাচাইয়ের পরই আনুষ্ঠানিক সংখ্যা নিশ্চিত করা হবে। এরপর সফল আরোহীদের সনদ দেওয়া হবে।

বিশেষজ্ঞদের মতে, অনুকূল আবহাওয়া এবং তিব্বত রুট বন্ধ থাকায় নেপালের পথে আরোহীর চাপ বেড়েছে। ফলে একদিনেই বিপুলসংখ্যক অভিযাত্রী এভারেস্ট জয় করতে সক্ষম হয়েছেন।

চলতি মৌসুমে নেপাল সরকার প্রায় ৪৯৪টি আরোহনের অনুমতি দিয়েছে। প্রতিটি পারমিটের মূল্য ১৫ হাজার মার্কিন ডলার। অতিরিক্ত ভিড় নিয়ে উদ্বেগ থাকলেও অভিজ্ঞ গাইডরা বলছেন, সঠিক পরিকল্পনা ও পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করা গেলে বড় সংখ্যক আরোহীকেও নিরাপদভাবে পরিচালনা করা সম্ভব।

এদিকে একই মৌসুমে নেপালি শেরপা কামি রিতা ৩২তমবার এভারেস্ট জয় করে নিজের আগের রেকর্ড আরও সমৃদ্ধ করেছেন। অন্যদিকে নারী পর্বতারোহীদের মধ্যে লাকপা শেরপা ১১তমবার এভারেস্ট জয় করে নতুন মাইলফলক গড়েছেন।