জানাজা নামাজের মাধ্যমে একজন মুসলিম তার প্রিয়জনকে শেষ বিদায় জানায়। হাদিসে জানাজার নামাজ আদায়ে অংশগ্রহণের প্রতি বিশেষ উৎসাহ দেওয়া হয়েছে। মহানবী (সা.) ইরশাদ করেছেন-যে ব্যক্তি কোনো মৃতের জানাজা নামাজ আদায় করে, সে এক ‘কিরাত’ পরিমাণ সওয়াব লাভ করে। আর যে ব্যক্তি জানাজার নামাজ আদায় করে দাফন পর্যন্ত সঙ্গে থাকে, সে পায় দুই ‘কিরাত’ সওয়াব।
এক সাহাবি প্রশ্ন করলে নবী করিম (সা.) বলেন, ‘দুই কিরাতের ক্ষুদ্রতম কিরাতও ওহুদ পাহাড়ের সমান।’ (ইবনে কাছির)
বাংলাদেশসহ উপমহাদেশের অনেক অঞ্চলে জানাজা নামাজে সাধারণত পুরুষদেরই অংশ নিতে দেখা যায়। ফলে অনেকের মনে প্রশ্ন থাকে-ইসলামের দৃষ্টিতে নারীরা কি জানাজা নামাজে অংশ নিতে পারবেন?
ফিকহবিদ আলেমদের স্পষ্ট মত হলো, নারীদের জন্য জানাজা নামাজ আদায়ে কোনো নিষেধাজ্ঞা নেই। হারাম শরিফে হোক বা অন্য কোনো মসজিদে-নারী চাইলে জানাজার নামাজ আদায় করতে পারবেন। এ বিষয়ে আলেমদের মধ্যে কোনো মতভেদ নেই।
তবে আলেমরা একটি গুরুত্বপূর্ণ সতর্কতার কথাও উল্লেখ করেছেন। জানাজার স্থানে পর্দাহীনতা, নিরাপত্তাহীনতা বা শরিয়তবিরোধী পরিস্থিতির আশঙ্কা যেন না থাকে-এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা জরুরি। বিশেষ করে নারীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকলে, অনেক আলেম জানাজায় অংশগ্রহণে নিরুৎসাহিত করার কথা বলেছেন।
আরেকটি বিষয় পরিষ্কার করা হয়েছে-নারীদের জন্য জানাজার সঙ্গে চলা বা কবরস্থানে বারবার যাতায়াত করা মাকরূহ হিসেবে বিবেচিত। অর্থাৎ, শরিয়তের দৃষ্টিতে নারীরা জানাজার নামাজে অংশ নিতে পারবেন, তবে জানাজার সঙ্গে দীর্ঘ পথ চলা বা কবর জিয়ারতে অতিরিক্ত অংশগ্রহণের ক্ষেত্রে সংযম ও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন আলেমরা।
সূত্র: ইসলাম ডট ওয়েব নেট