মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

কবর থেকে ধোঁয়া 


প্রকাশ : (৪ ঘন্টা আগে)
কবর থেকে ধোঁয়া 

উনিশশো আশির দশকের শেষ দিকের কথা। তখনও গ্রামের দিকে আলাদা কোনো কবরস্থান তেমন একটা ছিল না। মানুষ সাধারণত বাড়ির পাশের গাছতলায়, ঝোপঝাড়ে কিংবা বাঁশঝাড়েই মৃতদের দাফন করত। সময়ের সাথে সাথে সেই কবরের ওপর বাঁশবাগান গজিয়ে উঠত, আর মানুষ প্রয়োজনে সেসব বাঁশ কেটেও নিত।সেই সময়েরই এক ভোরবেলা। ঘুম থেকে উঠে প্রকৃতির ডাকে সাড়া দিতে নূর হোসেন বাড়ির পশ্চিম পাশের বাঁশঝাড়ে যায়। পেটের চাপে তখন তার এদিক-ওদিক তাকানোর মতো হুঁশ ছিল না। ঝোপের আড়ালে বসে কাজ সারার সময় হঠাৎ তার চোখ আটকে যায় পাশের একটি নতুন কবরের দিকে। ঠিক আগের দিন বিকেলেই সইমুদ্দিনকে সেখানে কবর দেওয়া হয়েছে। কবরের ওপর নিয়মমাফিক একটি বরই গাছের ডাল পুঁতে রাখা। কিন্তু কবরটির দিকে তাকাতেই নূর হোসেনের চোখ ছানাবড়া হয়ে গেল! সে দেখল, কবরের আলগা মাটির ভেতর থেকে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়ার মতো কী যেন বের হচ্ছে। দৃশ্যটি দেখেই নূর হোসেনের বুক ধড়ফড় করতে শুরু করল। ভয়ে তড়িঘড়ি করে পানি খরচ সেরে সে একছুটে বাড়ি ফিরে যায় এবং তার মা কাল্টিকে সব খুলে বলে। ছেলের মুখে এমন অদ্ভুত কথা শুনে কাল্টি আর দেরি করলেন না; আশপাশের আরও কয়েকজনকে ডেকে নিয়ে দ্রুত বাঁশঝাড়ের সেই কবরের কাছে ছুটে এলেন। এসে সবাই অবাক হয়ে দেখলেন, নূর হোসেনের কথা মিথ্যে নয়—সত্যিই সইমুদ্দিনের কবর থেকে ধোঁয়া বের হচ্ছে! মুহূর্তের মধ্যেই এই খবর বাতাসের বেগে ছড়িয়ে পড়ল। পাড়ার মানুষ তো বটেই, আশপাশের গ্রাম থেকেও লোকজন দৌড়ে আসতে লাগল। এমন অলৌকিক ও ভীতিকর দৃশ্য দেখে উপস্থিত সবার মনে নিজের মৃত্যুর কথা স্মরণ হলো; ভয়ে ও আতঙ্কে সবাই মিলে দোয়া-দরুদ পড়তে শুরু করল।দুপুর পর্যন্ত কবর থেকে একইভাবে ধোঁয়া বের হতে থাকল। খবর পেয়ে এক মৌলভী সাহেব সেখানে এলেন। তিনি সবকিছু দেখে দোয়া-দরুদ পড়ে এক বদনা পানি কবরের ওপর ছিটিয়ে দিলেন এবং উপস্থিত সবাইকে নিয়ে মোনাজাত করে সেখান থেকে চলে গেলেন। বিকেলের দিকে ধোঁয়ার পরিমাণ কিছুটা কমে এলেও পরের দিন পর্যন্ত হালকা ধোঁয়া দেখা গিয়েছিল। এরপর তা একেবারেই বন্ধ হয়ে যায়। ঘটনাটি দীর্ঘদিন এলাকার মানুষের মনে গভীর ভীতির সঞ্চার করেছিল। ভয়ে অনেকেই কবরের আজাব নিয়ে হাদিসের নানান বয়ান করতে শুরু করেছিলেন, আবার কেউ কেউ সইমুদ্দিনের জীবদ্দশার নানা কাজকর্ম নিয়ে আলোচনা-সমালোচনায় মেতে উঠেছিলেন।
সময়ের স্রোতে একসময় মানুষের মন থেকে সেই আলোচনা আর কবরের আজাবের ভয় দুটোই ফিকে হয়ে যায়। তবে কালের সাক্ষী হয়ে সইমুদ্দিনের সেই কবরটি আজও সেখানে বিদ্যমান রয়েছে।
(আমার নিজের দেখা সত‍্য ঘটনা তবে নাম কাল্পনিক বটে)

বিজ্ঞাপন