দুর্যোগে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, রক্তের প্রয়োজনে ছুটে যাওয়া, সুবিধাবঞ্চিত শিশুর শিক্ষায় সহযোগিতা, বাল্যবিবাহ প্রতিরোধ, পরিবেশ রক্ষা কিংবা সামাজিক সংকটে মানুষের পাশে দাঁড়ানো দেশের প্রতিটি প্রান্তে এমন অসংখ্য কাজ করে যাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। তাঁদের অনেকেই নিজের সময়, শ্রম, মেধা ও অর্থ ব্যয় করে সমাজের কল্যাণে কাজ করেন। কিন্তু এই বিপুল মানবিক শক্তিকে রাষ্ট্রীয় উন্নয়ন পরিকল্পনার সঙ্গে কতটা সমন্বিত করা যাচ্ছে, সেই প্রশ্ন দীর্ঘদিনের।
বাংলাদেশে স্বেচ্ছাসেবার রয়েছে সমৃদ্ধ ঐতিহ্য। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, সামাজিক সচেতনতা সৃষ্টি এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবীদের অবদান গুরুত্বপূর্ণ। সময়ের সঙ্গে স্বেচ্ছাসেবার ক্ষেত্রও বিস্তৃত হয়েছে। এখন প্রয়োজন এই উদ্যোগগুলোকে আরও সুসংগঠিত, স্বীকৃত, নিরাপদ ও কার্যকর করা।
সেই সম্ভাবনার পথ তৈরি করেছে জাতীয় স্বেচ্ছাসেবা নীতিমালা ২০২৩। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রণীত নীতিমালাটির গেজেট প্রকাশিত হয় ২০২৪ সালের ১৮ জানুয়ারি। নীতিমালায় স্বেচ্ছাসেবীদের অধিকার ও নিরাপত্তা, সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধি, সরকারি-বেসরকারি সমন্বয়, প্রশিক্ষণ, স্বীকৃতি, অর্থায়ন এবং তথ্য ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
নীতিমালাটি কার্যকরভাবে বাস্তবায়িত হলে শুধু স্বেচ্ছাসেবী বা সংগঠন নয়, উপকৃত হতে পারে সরকার, স্থানীয় প্রশাসন, উন্নয়ন সহযোগী এবং সাধারণ মানুষও। একই সঙ্গে জাতীয় উন্নয়ন কার্যক্রমে জনগণের অংশগ্রহণ বাড়ানোর একটি প্রাতিষ্ঠানিক সুযোগ তৈরি হতে পারে।
স্বেচ্ছাসেবীদের কাজের স্বীকৃতি, নিরাপত্তা ও অধিকার নিশ্চিতের সুযোগ
স্বেচ্ছাসেবীরা সমাজের জন্য কাজ করলেও তাঁদের নিজেদের নিরাপত্তা ও অধিকার অনেক সময় উপেক্ষিত থাকে। বিশেষ করে দুর্যোগ, উদ্ধার কার্যক্রম কিংবা ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করতে গিয়ে তাঁরা নানা ধরনের শারীরিক ও মানসিক ঝুঁকির মুখে পড়েন। অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশিক্ষণ, সুরক্ষা সরঞ্জাম, যাতায়াত ও খাবারের ব্যবস্থাও থাকে না।
জাতীয় স্বেচ্ছাসেবা নীতিমালায় স্বেচ্ছাসেবীদের নিরাপদ কর্মপরিবেশ, প্রয়োজনীয় তথ্যপ্রাপ্তি, প্রশিক্ষণ, অভিযোগ ও প্রতিকার পাওয়ার সুযোগ, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা এবং নারী-পুরুষের সমান অংশগ্রহণের পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবীদের জন্য বীমার ব্যবস্থার কথাও বলা হয়েছে। কাজের ধরন ও প্রযোজ্যতা অনুযায়ী ভাতা বা ব্যয় সমন্বয়ের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।
এসব উদ্যোগ বাস্তবায়িত হলে স্বেচ্ছাসেবীরা আরও নিরাপদ ও আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করতে পারবেন। তাঁদের সময়, শ্রম ও অবদানের যথাযথ মূল্যায়নের সুযোগ তৈরি হবে। পাশাপাশি প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে একজন স্বেচ্ছাসেবী ভবিষ্যতে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের সক্ষমতা অর্জন করতে পারবেন।
প্রান্তিক ও অনানুষ্ঠানিক স্বেচ্ছাসেবীদের জন্য অন্তর্ভুক্তির সুযোগ
স্বেচ্ছাসেবা শুধু নিবন্ধিত সংগঠন বা বড় প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রত্যন্ত অঞ্চলের তরুণ, নারী, প্রতিবন্ধী ব্যক্তি, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী এবং স্থানীয় পর্যায়ে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অসংখ্য মানুষ সমাজের কল্যাণে অবদান রাখছেন। তাঁদের অনেকেরই নেই প্রাতিষ্ঠানিক পরিচয়, প্রয়োজনীয় প্রশিক্ষণ কিংবা কাজের স্বীকৃতি।
নীতিমালার বাস্তবায়নে এসব স্বেচ্ছাসেবীকে অন্তর্ভুক্ত করা গেলে স্বেচ্ছাসেবার পরিধি আরও বিস্তৃত হবে। নারী, প্রতিবন্ধী ব্যক্তি, পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং প্রত্যন্ত এলাকার তরুণদের জন্য সমান সুযোগ তৈরি করা সম্ভব হবে। একই সঙ্গে কোনো নিবন্ধিত সংগঠনের সঙ্গে যুক্ত না থেকেও যারা ব্যক্তিগত উদ্যোগে সামাজিক কাজ করেন, তাঁদের অবদান চিহ্নিত ও স্বীকৃতি দেওয়ার পথ তৈরি হতে পারে।
এতে স্বেচ্ছাসেবা কেবল শহরকেন্দ্রিক বা প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সীমাবদ্ধ থাকবে না; বরং স্থানীয় মানুষের উদ্যোগ ও নেতৃত্বের মধ্য দিয়ে সমাজের আরও বিস্তৃত অংশ এতে যুক্ত হতে পারবে।
স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়বে
দেশের বিভিন্ন এলাকায় অসংখ্য স্বেচ্ছাসেবী ও যুব সংগঠন শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার, শিশু সুরক্ষা, নারী অধিকার, পরিবেশ, জলবায়ু পরিবর্তন, দুর্যোগ মোকাবিলা এবং সামাজিক সচেতনতায় কাজ করছে। এসব সংগঠনের রয়েছে স্থানীয় পর্যায়ে মানুষের সঙ্গে যোগাযোগ, সমস্যা চিহ্নিত করার অভিজ্ঞতা এবং স্বেচ্ছাসেবী জনবল। কিন্তু অর্থায়ন, প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতির অভাবে অনেক সংগঠনের কার্যক্রম ধারাবাহিকতা পায় না।
জাতীয় স্বেচ্ছাসেবা নীতিমালায় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ, সমন্বয়, কারিগরি সহায়তা এবং প্রয়োজনভিত্তিক অর্থায়নের সুযোগ তৈরির বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। স্বীকৃত সংগঠনগুলোর জন্য প্রয়োজন অনুযায়ী সহায়তা বরাদ্দের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
নীতিমালার এই সুযোগ কাজে লাগানো গেলে সংগঠনগুলো আরও পরিকল্পিতভাবে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে পারবে। স্বেচ্ছাসেবীদের দক্ষতা উন্নয়ন, সাংগঠনিক ব্যবস্থাপনা, আর্থিক স্বচ্ছতা, তথ্য সংরক্ষণ এবং কার্যক্রমের মূল্যায়নের সক্ষমতা বাড়বে। পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে অংশীদারত্বের সুযোগ তৈরি হবে।
এর ফলে স্থানীয় পর্যায়ে ছোট সংগঠনগুলোর কাজের পরিধি বাড়তে পারে এবং দীর্ঘমেয়াদে একটি শক্তিশালী স্বেচ্ছাসেবী নেটওয়ার্ক গড়ে উঠতে পারে। তবে অর্থায়নের সুযোগকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রয়োজনভিত্তিক করতে হবে, যাতে প্রকৃত কাজ করা সংগঠনগুলো অগ্রাধিকার পায়।
সরকারের উন্নয়ন কার্যক্রমে বাড়বে জনসম্পৃক্ততা
স্বেচ্ছাসেবীদের সংগঠিতভাবে যুক্ত করা গেলে সরকারের উন্নয়ন কার্যক্রম আরও বিস্তৃত ও জনসম্পৃক্ত হতে পারে। কারণ স্বেচ্ছাসেবীরা সরাসরি মানুষের সঙ্গে কাজ করেন। তাঁরা স্থানীয় সমস্যা, মানুষের প্রয়োজন, সামাজিক বাস্তবতা এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সম্পর্কে কাছ থেকে জানেন।
এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সরকারি উন্নয়ন কর্মসূচির প্রচার, জনসচেতনতা সৃষ্টি, স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহ এবং জনগণের অংশগ্রহণ বাড়ানো সম্ভব। শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, শিশুর অধিকার, নারী-পুরুষের সমতা, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু সচেতনতা ও সামাজিক সমস্যা মোকাবিলায় স্বেচ্ছাসেবীরা কার্যকর সহযোগী হতে পারেন।
সরকারের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। বিভিন্ন এলাকায় মানুষের কাছে উন্নয়ন বার্তা পৌঁছে দেওয়া, সামাজিক উদ্যোগে জনগণকে সম্পৃক্ত করা এবং স্থানীয় পর্যায়ের সমস্যা ও চাহিদা সম্পর্কে ধারণা পাওয়া সহজ হতে পারে। এতে সরকারি কর্মসূচির গ্রহণযোগ্যতা ও কার্যকারিতা বাড়ার সম্ভাবনা তৈরি হবে।
তবে স্বেচ্ছাসেবীদের দিয়ে সরকারি দায়িত্ব বা নিয়মিত কর্মীর কাজ করিয়ে নেওয়া নয়, বরং তাঁদের দক্ষতা ও মানবিক শক্তিকে রাষ্ট্রীয় উন্নয়নের সহযোগী হিসেবে কাজে লাগানোই হওয়া উচিত মূল লক্ষ্য।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জন্য কার্যকর সমন্বয়ের সুযোগ
জাতীয় স্বেচ্ছাসেবা নীতিমালার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্ভাবনাগুলোর একটি হলো দুর্যোগ ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবীদের আরও সংগঠিতভাবে যুক্ত করা। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে থাকা একটি দেশ। বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, অগ্নিকাণ্ড, ভূমিধসসহ নানা দুর্যোগে দ্রুত প্রস্তুতি, সতর্কবার্তা প্রচার, উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবীদের একটি সমন্বিত নেটওয়ার্ক গড়ে উঠলে দুর্যোগের আগে, চলাকালে এবং পরবর্তী সময়ে কার্যক্রম আরও গতিশীল করা সম্ভব। আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়া, ঝুঁকিপূর্ণ মানুষকে নিরাপদ স্থানে যেতে সহায়তা, ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ, ত্রাণ কার্যক্রমে সহযোগিতা এবং পুনর্বাসনে স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।
নীতিমালায় জাতীয় পর্যায় থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত সমন্বয় কাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। জাতীয় পরিষদ, জাতীয় বাস্তবায়ন ও সমন্বয় কমিটি এবং বিভাগ, জেলা, সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটির মাধ্যমে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমকে সমন্বিত করার সুযোগ তৈরি হয়েছে।
এ কাঠামো কার্যকর হলে মন্ত্রণালয়ের জন্য স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ, প্রশিক্ষণ ও দায়িত্ব বণ্টন, দুর্যোগকালীন জনবল সংগঠিত করা এবং কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ সহজ হতে পারে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন, অন্যান্য মন্ত্রণালয়, বেসরকারি সংস্থা ও উন্নয়ন সহযোগীদের মধ্যে সমন্বয় বাড়বে।
স্বেচ্ছাসেবীদের তথ্যভান্ডার তৈরি হলে বাড়বে দক্ষ জনবল ব্যবস্থাপনা
নীতিমালায় জাতীয় স্বেচ্ছাসেবা ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম গড়ে তোলার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। একটি কার্যকর তথ্যভান্ডারে স্বেচ্ছাসেবীদের সংখ্যা, দক্ষতা, অবস্থান, প্রশিক্ষণ, আগ্রহ, সংগঠন, চলমান প্রকল্প এবং কাজের অভিজ্ঞতা সংরক্ষণ করা সম্ভব হবে।
এর মাধ্যমে কোন এলাকায় কী ধরনের স্বেচ্ছাসেবী প্রয়োজন, কোথায় প্রশিক্ষণের ঘাটতি রয়েছে এবং কোন কাজে কাদের যুক্ত করা যেতে পারে, তা নির্ধারণ সহজ হবে। দুর্যোগের সময় প্রয়োজন অনুযায়ী দক্ষ স্বেচ্ছাসেবীদের দ্রুত খুঁজে পাওয়া এবং বিভিন্ন সরকারি-বেসরকারি উদ্যোগের সঙ্গে তাঁদের যুক্ত করাও সম্ভব হবে।
একই সঙ্গে সংগঠনগুলোর কার্যক্রম ও সক্ষমতা সম্পর্কে তথ্য পাওয়া গেলে পুনরাবৃত্তিমূলক উদ্যোগ কমানো, প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়া এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলা সহজ হবে। তবে তথ্যভান্ডার পরিচালনায় ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা, তথ্যের নিরাপত্তা এবং তথ্য ব্যবহারের স্বচ্ছ নীতিমালা নিশ্চিত করা জরুরি।
সাধারণ মানুষের জন্য কী পরিবর্তন আসতে পারে?
স্বেচ্ছাসেবার শক্তি সংগঠিত হলে সবচেয়ে বেশি উপকৃত হতে পারেন সাধারণ মানুষ। দুর্যোগের সময় দ্রুত সহায়তা, সামাজিক সংকটে পাশে দাঁড়ানোর মানুষ, স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ে সচেতনতা এবং স্থানীয় সমস্যা সমাধানে অংশগ্রহণের সুযোগ বাড়বে।
একটি এলাকার মানুষ নিজেরাই যখন স্বেচ্ছাসেবী উদ্যোগের মাধ্যমে সমস্যার সমাধানে যুক্ত হন, তখন উন্নয়ন কার্যক্রম শুধু সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকে না; তা হয়ে ওঠে জনগণের সম্মিলিত উদ্যোগ। এতে সামাজিক সংহতি, পারস্পরিক সহযোগিতা ও নাগরিক দায়িত্ববোধ বাড়তে পারে।
বিশেষ করে শিশু, নারী, প্রবীণ, প্রতিবন্ধী ব্যক্তি এবং দুর্যোগে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে স্থানীয় স্বেচ্ছাসেবীরা দ্রুত দাঁড়াতে পারেন। তাঁদের সঙ্গে সরকারি সেবা ও প্রতিষ্ঠানের কার্যকর সমন্বয় তৈরি হলে সহায়তা পৌঁছানো আরও সহজ হতে পারে।
সামাজিক সম্পৃক্ততা ও মন্ত্রী আসাদুল হাবিব দুলুর অভিজ্ঞতা
বর্তমান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গেও সম্পৃক্ততার অভিজ্ঞতা রয়েছে। তিনি ‘আলোকিত লালমনিরহাট’ নামে একটি সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা। সংগঠনটির মাধ্যমে মাদক, জুয়া, যৌতুক ও বাল্যবিবাহের মতো সামাজিক সমস্যা মোকাবিলায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে।
সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার এই অভিজ্ঞতা স্বেচ্ছাসেবার শক্তি ও সম্ভাবনা উপলব্ধির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। জাতীয় স্বেচ্ছাসেবা নীতিমালার বাস্তবায়নে মন্ত্রণালয়ের নেতৃত্ব, স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে সংলাপ এবং স্থানীয় পর্যায়ের উদ্যোগকে গুরুত্ব দেওয়া হলে এই নীতিমালা আরও কার্যকর হওয়ার সুযোগ তৈরি হবে।
স্বীকৃতি, প্রশিক্ষণ ও অর্থায়নে প্রয়োজন ধারাবাহিক উদ্যোগ
স্বেচ্ছাসেবীদের কাজের স্বীকৃতি তাঁদের অনুপ্রেরণা বাড়ায়। নীতিমালায় স্বেচ্ছাসেবীদের অবদান মূল্যায়ন ও স্বীকৃতি দেওয়ার সুযোগ রাখা হয়েছে। প্রতিবছর ৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসকে কেন্দ্র করে জাতীয় ও স্থানীয় পর্যায়ে স্বেচ্ছাসেবীদের অবদান তুলে ধরা, যোগ্য ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা দেওয়া এবং তাঁদের অভিজ্ঞতা বিনিময়ের আয়োজন করা যেতে পারে।
একই সঙ্গে সরকারি বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের সক্ষমতা উন্নয়নে সহায়তা এবং প্রশিক্ষণের ধারাবাহিক ব্যবস্থা গড়ে তোলা জরুরি। নীতিমালার সফল বাস্তবায়নে সরকারি অর্থায়নের পাশাপাশি বেসরকারি খাত, করপোরেট প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের অংশগ্রহণও গুরুত্বপূর্ণ হতে পারে।
তবে অর্থায়ন ও স্বীকৃতির ক্ষেত্রে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে। সংগঠনের নিবন্ধন বা পরিচয়ের পাশাপাশি তাদের বাস্তব কাজ, সক্ষমতা, সামাজিক প্রভাব ও আর্থিক ব্যবস্থাপনাও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
বাস্তবায়নই নির্ধারণ করবে নীতিমালার সাফল্য
জাতীয় স্বেচ্ছাসেবা নীতিমালা একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি করেছে। কিন্তু নীতিমালার সুফল পেতে হলে বাস্তবায়ন কাঠামোকে কার্যকর করতে হবে। সংশ্লিষ্ট কমিটিগুলো সক্রিয় করা, প্রয়োজনীয় বাজেট বরাদ্দ, প্রশিক্ষণ, তথ্যভান্ডার তৈরি, স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে নিয়মিত সমন্বয় এবং কাজের অগ্রগতি মূল্যায়নের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
নীতিমালার বাস্তবায়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মতামত ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। একই সঙ্গে স্থানীয় পর্যায়ের ছোট সংগঠন, অনানুষ্ঠানিক স্বেচ্ছাসেবী উদ্যোগ এবং প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নীতিমালার বাস্তবায়ন কতটা হচ্ছে, কোথায় ঘাটতি রয়েছে এবং মানুষের জীবনে কী পরিবর্তন আসছে তা নিয়মিত পর্যালোচনা করাও জরুরি।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, স্বেচ্ছাসেবীদের মানবিক উদ্যোগকে সম্মান জানাতে হবে। তাঁদের ওপর অযৌক্তিক দায়িত্ব চাপিয়ে দেওয়া যাবে না। নিরাপত্তা, প্রশিক্ষণ, প্রয়োজনীয় সহায়তা, কাজের স্বাধীনতা এবং যথাযথ স্বীকৃতি নিশ্চিত করতে হবে।
বাংলাদেশের উন্নয়নযাত্রায় স্বেচ্ছাসেবীরা কোনো বিকল্প শক্তি নন; তাঁরা রাষ্ট্র ও সমাজের উন্নয়নযাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার। তাঁদের মেধা, শ্রম, সময় ও মানবিক শক্তিকে যথাযথভাবে কাজে লাগানো গেলে দুর্যোগ মোকাবিলা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, সামাজিক ন্যায়বিচার ও টেকসই উন্নয়নের প্রতিটি ক্ষেত্রেই ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
জাতীয় স্বেচ্ছাসেবা নীতিমালা ২০২৩ সেই পরিবর্তনের একটি সুযোগ তৈরি করেছে। এখন প্রয়োজন সরকার, মন্ত্রণালয়, স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যক্তি স্বেচ্ছাসেবী ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ। স্বেচ্ছাসেবার শক্তিকে রাষ্ট্রীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করা গেলে লাভবান হবে সবাই স্বেচ্ছাসেবী পাবেন মর্যাদা ও নিরাপত্তা, সংগঠন পাবে সক্ষমতা ও স্বীকৃতি, সরকার পাবে জনসম্পৃক্ত উন্নয়নের সহযোগী শক্তি, আর সাধারণ মানুষ পাবে আরও কার্যকর ও মানবিক সেবা।
লেখক: শহিদ ইসলাম সুজন
সাধারণ সম্পাদক
ভলান্টিয়ার ডেভলোপমেন্ট ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
E-Mail: [email protected]
অপমান
২ দিন আগে
তিস্তার বালু ও বেসরকারি অংশীদারিত্বেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: একটি বিকল্প প্রস্তাব
১ সপ্তাহ আগে
মানব সভ্যতার বিবর্তন ও চেতনার রূপান্তর
২ সপ্তাহ আগে
অপরাধী চক্রের নির্মম পরিণতির কথা কেউ মনে রাখে না
২ সপ্তাহ আগে