লালমনিরহাট পৌরসভার নবাবেরহাট এলাকায় পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের ঘটনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নাম জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি। দলটির অভিযোগ, ব্যক্তিগত বিরোধকে রাজনৈতিক রূপ দিয়ে মন্ত্রীর ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে।
শুক্রবার (৯ অক্টোবর) লালমনিরহাট জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হামার বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ৫ অক্টোবর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নবাবেরহাট এলাকায় দুই পরিবারের জমিজমা ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধের ঘটনাকে রাজনৈতিকভাবে উপস্থাপন করে বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। তাঁর দাবি, এসব অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত।
জেলা বিএনপির অভিযোগ, একটি মহল পরিকল্পিতভাবে দলটির নেতাকর্মীদের বিতর্কিত করার চেষ্টা করছে। অতীতে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ৫ আগস্টের পর দল পরিবর্তন করেছেন, এমন কিছু ব্যক্তি রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন দলটির নেতারা।
একেএম মমিনুল হক বলেন, জমি নিয়ে বিরোধের ঘটনায় দায়ের করা মামলার বাদী ও আসামি একই পরিবারের আত্মীয়স্বজন। এটি সম্পূর্ণ পারিবারিক বিরোধ। এর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, প্রকৃত ঘটনা আড়াল করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা চলছে।
সংবাদ সম্মেলনে মন্ত্রী আসাদুল হাবিব দুলুর নাম জড়িয়ে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টাকে নিন্দনীয় বলে উল্লেখ করে জেলা বিএনপি। একই সঙ্গে বলপ্রয়োগ, নৈরাজ্য ও ভাঙচুরের বিরোধিতা করে এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের পাশাপাশি মাদক কারবারি ও রাজনৈতিক অপপ্রচারে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক হুমায়ুন রেজা স্বপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ভিপি আনিছসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় লালমনিরহাটে কর্মরত শতাধিক গণমাধ্যমকর্মীও উপস্থিত ছিলেন।
লালমনিরহাটে বসতবাড়ির দেয়াল ভাংচুর ও মারধরের ঘটনায় ১৭জনের নামে মামলা : পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
২ দিন আগে
লালমনিরহাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত
৪ দিন আগে
লালমনিরহাটে বিশ্ব বসতি দিবস পালিত
৪ দিন আগে