রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
☰ সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

ভারতের সঙ্গে চুক্তি হলেই লালমনিরহাটে মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর


প্রকাশ : (৫ ঘন্টা আগে)
ভারতের সঙ্গে চুক্তি হলেই লালমনিরহাটে মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

লালমনিরহাটের পরিত্যাক্ত মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বন্দরটি চালু করতে প্রথমে ভারতের সঙ্গে প্রয়োজনীয় চুক্তি ও সমঝোতা করতে হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ভারত আগ্রহী হলে বাংলাদেশের অংশে প্রয়োজনীয় অবকাঠামোগত কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব বলেও জানান তিনি।
রোববার দুপুরে মোগলহাট স্থলবন্দর এলাকা পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা।
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, মোগলহাট স্থলবন্দর চালু করা এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। বন্দরটি কীভাবে দ্রুত চালু করা যায়, সে বিষয়ে সম্ভাব্যতা যাচাই করা হবে। তবে এটি আন্তর্জাতিক বন্দর হওয়ায় শুধু বাংলাদেশের উদ্যোগে কার্যক্রম শুরু করা সম্ভব নয়। ভারতের সঙ্গে প্রয়োজনীয় চুক্তি ও সমঝোতা করতে হবে।
তিনি বলেন, ভারতের পক্ষ থেকে আগ্রহ পাওয়া গেলে বাংলাদেশের অংশে অবকাঠামোগত উন্নয়নসহ প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া হবে। মোগলহাট স্থলবন্দর চালু হলে লালমনিরহাটসহ উত্তরাঞ্চলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং অর্থনৈতিক কর্মকা- বাড়বে।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে এ অঞ্চলের অর্থনীতিকে আরও গতিশীল করা সম্ভব। তাই ভারতের সঙ্গে চুক্তির বিষয়টি অগ্রাধিকার দিয়ে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হবে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর বিষয়ে স্থানীয় মানুষের চাহিদার সঙ্গে সরকার একমত। স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ইতোমধ্যে এলাকা পরিদর্শন করে একটি প্রতিবেদন তৈরি করেছেন।
তিনি বলেন, বাংলাদেশের অংশে বন্দর চালুর জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও জনবল প্রস্তুতের সক্ষমতা রয়েছে। নদীর ওপর প্রয়োজনীয় সেতু, সড়ক, শুল্ক স্টেশনসহ অন্যান্য অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
তবে আন্তর্জাতিক বন্দর হওয়ায় ভারতের অংশেও স্থলবন্দর কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ও সমঝোতা প্রয়োজন বলে জানান প্রতিমন্ত্রী। এ বিষয়ে দুই দেশের মধ্যে অগ্রগতি হলে মোগলহাট স্থলবন্দর পুনরায় চালুর কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হবে।
পরিদর্শনকালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান, লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন