লালমনিরহাট ১৫ বিজিবির অভিযানে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ অভিযান পরিচালনা করে একটি পিস্তল, এক রাউন্ড গুলি এবং এক কেজি সন্দেহজনক ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে নাগেশ্বরী উপজেলার রামখানা বিওপির আওতাধীন পূর্ব রামখানা আশকোন নগর এলাকায় এ অভিযান চালানো হয়।
১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমামের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে ভারতের সীমান্তের দিকে আসা চোরাকারবারিরা মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি পিস্তল, এক রাউন্ড গুলি এবং এক কেজি সন্দেহজনক ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র, গুলি ও ক্রিস্টাল মেথের আনুমানিক সিজার মূল্য ৫ কোটি ১ লাখ ২০০ টাকা।
উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ আইনগত প্রক্রিয়া শেষে নাগেশ্বরী থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানানো হয়েছে । আর উদ্ধার করা ক্রিস্টাল মেথ আইস আসল কি না, তা নিশ্চিত করতে নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে ।
১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম জানান, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়ভাবে কাজ করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে অস্ত্র ও মাদক চোরাচালানের বিষয়ে নজরদারি করা হচ্ছে।
তিনি আরো বলেন, অবৈধ অস্ত্র ও মাদক চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও বিজিবির বিশেষ অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।