ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে লালমনিরহাটে ‘স্টে আউট ফ্রম এডিস’ শীর্ষক সচেতনতামূলক ক্যাম্পেইন করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) লালমনিরহাট সদর উপজেলা বোর্ড।
বুধবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় লালমনিরহাট সাধারণ পাঠাগার থেকে কর্মসূচি শুরু হয়। প্রায় এক ঘণ্টার এ কর্মসূচিতে ভিবিডির ১৫ জন স্বেচ্ছাসেবক অংশ নেন।
স্বেচ্ছাসেবকেরা পায়ে হেঁটে স্টেডিয়াম পাড়া, হকার্স মার্কেট ও মিশনমোড় এলাকায় গিয়ে হ্যান্ড মাইকে ডেঙ্গুর ঝুঁকি, এডিস মশার প্রজননস্থল এবং প্রতিরোধের বিভিন্ন উপায় তুলে ধরেন। এ সময় পথচারী ও দোকানিদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি পোস্টার ও প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে স্থানীয়দের সচেতন করা হয়।
কর্মসূচিতে বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশে জমে থাকা পানি এডিস মশার বংশবিস্তারের অন্যতম প্রধান উৎস বলে জানানো হয়। এ ধরনের স্থান নিয়মিত পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণের আহ্বান জানান স্বেচ্ছাসেবকেরা।
ভিবিডি লালমনিরহাট সদর উপজেলা বোর্ডের সভাপতি মোঃ ইউসুফ আলী বলেন, আক্রান্ত হওয়ার পর চিকিৎসার চেয়ে আগে থেকেই সচেতন হওয়া বেশি জরুরি। মানুষের কাছে গিয়ে সহজ ভাষায় ডেঙ্গুর ঝুঁকি ও প্রতিরোধের বিষয়ে সচেতন করার চেষ্টা করা হয়েছে। এতে বাড়ি, দোকান ও আশপাশ পরিষ্কার রাখার বিষয়ে মানুষের সচেতনতা বাড়বে বলে আশা করেন তিনি।
ভিবিডি লালমনিরহাট জেলার সাধারণ সম্পাদক শিব সুন্দর বর্মন বলেন, তরুণদের এমন উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এ সচেতনতা যেন শুধু এক দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না থাকে, বরং প্রতিদিনের অভ্যাসে পরিণত হয়, সে বিষয়ে গুরুত্ব দেন তিনি।
কর্মসূচিতে ভিবিডি লালমনিরহাট সদর উপজেলা বোর্ডের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক আয়শা সিদ্দিকা কথা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক জাকারিয়া হাসানসহ ১৫ জন স্বেচ্ছাসেবক অংশ নেন। এছাড়া জেলা বোর্ডের সাধারণ সম্পাদক শিব সুন্দর বর্মনসহ মানবসম্পদবিষয়ক সম্পাদক ও কোষাধ্যক্ষ উপস্থিত ছিলেন।
আয়োজকেরা জানান, ডেঙ্গু প্রতিরোধে পরিবার, ব্যবসাপ্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সম্মিলিত সচেতনতা জরুরি। স্থানীয় প্রয়োজন ও বাস্তবতা বিবেচনায় ভবিষ্যতেও বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমে তরুণ ও স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করবে ভিবিডি লালমনিরহাট সদর উপজেলা বোর্ড।