লালমনিরহাটের হাতীবান্ধায় পরিবেশ রক্ষা ও সবুজায়ন বাড়াতে উপজেলা আনসার ও ভিডিপির আয়োজনে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানের অংশ হিসেবে তাল, নিম ও বিভিন্ন প্রজাতির ফলজ গাছের শতাধিক চারা বিতরণ ও রোপণ করা হয়েছে।
গত সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আবু সাঈদ (পিভিএম)। তিনি ভাতাভোগী সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাটিকাপাড়া ইউনিয়নের আনসার ভিডিপির দলনেতা মোঃ হাবিবুর রহমান, দক্ষিণ পারুলিয়া আনসার ও ভিডিপি সমবায় ক্লাবের সাবেক সভাপতি বদিউজ্জামাল ভেলু, পাটিকাপাড়া ইউনিয়নের ভিডিপি সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আনসার ও ভিডিপির ভাতাভোগী সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে প্রকৃতিকে রক্ষা করতে এবং দেশের পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বেশি করে গাছ লাগানোর বিকল্প নেই। বিশেষ করে তাল ও নিমগাছ বজ্রপাতের ঝুঁকি কমানো এবং পরিবেশের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পরে অতিথিদের উপস্থিতিতে ইউনিয়নের আশপাশের এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ের ভাতাভোগী সদস্যদের হাতে গাছের চারাগুলো তুলে দেওয়া হয়।