লালমনিরহাটের পাটগ্রামে নিয়ন্ত্রণ হারানো ট্রাকের চাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বুড়িমারী আনন্দবাজার ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সড়কের পাশে থাকা একটি দোকানে ঢুকে পড়ে। পরে ট্রাকটি একটি ইজিবাইকের ওপর উঠে যায়। একই সময় আরেকটি ইজিবাইকও ট্রাকটির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় মোট তিনজন নিহত হয়েছেন। আহত অন্তত চারজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনায় ট্রাক ও দুটি ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়ে উল্টে যায়। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।