লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ হাজার পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৬টা ২০ মিনিটে লালমনিরহাটের মোগলহাট বিওপির আওতাধীন চর ফলিমারী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির টহলদল এক সন্দেহজনক ব্যক্তিকে ধাওয়া করলে সে বহনকৃত মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
জব্দকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটের সিজার মূল্য ৪ লাখ টাকা।
১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।