লালমনিরহাটে বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশনের জেলা ও সদর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে জেলা ক্রীড়া সংস্থার হলরুমে কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আব্দুল হাকিমের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান, অ্যাডভোকেট চিত্তরঞ্জন রায়, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ফিরোজ, সাংবাদিক ও ক্রীড়াব্যক্তিত্ব আনিছুর রহমান লাডলা, মামুনুর রশিদ, অধ্যক্ষ কামরুজ্জামান রুবেল, প্রধান শিক্ষক রোখসানা পারভীন ও বীথি রানী রায়সহ অন্যরা।
সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে শারীরিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। সুস্থ, মেধাবী ও কর্মক্ষম প্রজন্ম গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা ও শারীরিক শিক্ষার কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। পাশাপাশি শিক্ষকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে শারীরিক শিক্ষার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শারীরিক শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করা এবং শিক্ষকদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক অ্যাসোসিয়েশনের লালমনিরহাট জেলা ও সদর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এতে মাসুম মিয়াকে সভাপতি ও ফজলুল হককে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।
এ ছাড়া আবুল কালাম আজাদকে সভাপতি ও এরশাদুল হক হিমেলকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট সদর উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।