লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় জাতীয় উন্নয়ন ও সমাজসেবামূলক সংস্থা সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস (এসএসএস)-এর চাপারহাট শাখার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনের দিনই ১৭ জন সদস্যের মধ্যে মোট ১১ লাখ ৬৪ হাজার টাকা ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলার চাপারহাটের পূর্বপাশে ঈমানদার ঘাট এলাকায় শাখাটির উদ্বোধন করা হয়। ভবন মালিক মো. নাজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন চাপারহাট শাখার ব্যবস্থাপক মো. জাহিদ হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএসএসের সহকারী পরিচালক ও বগুড়া ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার গাজী এনামুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জোনের জোনাল ম্যানেজার অলোক কুমার সাহা, লালমনিরহাট এরিয়া ম্যানেজার মো. আব্দুল মতিন এবং রংপুর জোনের জোনাল হিসাব কর্মকর্তা মো. রাকিবুল হাসান।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাপারহাট হাট ও বাজারের ইজারাদার মো. হাবিবুর রহমান বাচ্চু, চন্দ্রপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. আলাল উদ্দিন, চন্দ্রপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ও বিপুলসংখ্যক গ্রাহক।
উদ্বোধন উপলক্ষে ১৭ জন সদস্যের মধ্যে ৫০ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন পরিমাণে মোট ১১ লাখ ৬৪ হাজার টাকা ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এসএসএস শুধু ক্ষুদ্রঋণ কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রান্তিক জনগোষ্ঠী ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠানটি বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
প্রধান অতিথি গাজী এনামুল কবীর বলেন, ক্ষুদ্রঋণের পাশাপাশি এসএসএসের সদস্যদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা দেওয়া হয়। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের এককালীন আর্থিক সহায়তা, সামাজিক সচেতনতা সৃষ্টি এবং বিভিন্ন দুর্যোগের সময় খাদ্য ও চিকিৎসাসামগ্রী নিয়ে মানুষের পাশে দাঁড়ানো হয়।
তিনি আরও বলেন, শিক্ষা ও শিশু উন্নয়ন, দক্ষতা উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে এসএসএস।
বক্তারা আশা প্রকাশ করেন, চাপারহাট শাখার কার্যক্রমের মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তা ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সক্ষমতা বাড়বে। পাশাপাশি এ শাখার কার্যক্রম এলাকার আর্থসামাজিক উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।