লালমনিরহাটের হাতীবান্ধায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. মজিদুল ইসলাম ওরফে আলমকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। রোববার (১৫ নভেম্বর) দুপুর ১টার দিকে গাজীপুরের জয়দেবপুর থানাধীন বাহাদুরপুর তুলসীভিটা এলাকায় একটি যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মজিদুল ইসলাম ওরফে আলম লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোলাপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে।
এসআরবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী নারী তার নানা-নানির বাড়িতে বসবাস করেন। প্রায় এক বছর আগে মজিদুল ইসলামের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১ জুলাই রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে মজিদুল ওই নারীর ঘরে প্রবেশ করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর ভুক্তভোগী নারী তাকে বিয়ের কথা বললে মজিদুল ও তার সহযোগীরা তাকে বাড়ি থেকে বের করে দেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে হাতীবান্ধা থানায় মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ১৬।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মামলা দায়েরের পর আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ায় এসআরবি। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩, সদর কোম্পানি, রংপুর এবং এসআরবি-১, সিপিএসসি, গাজীপুর ক্যাম্পের একটি যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।