বিজিবি ও টাস্কফোর্সের পৃথক অভিযান; জব্দ করা মালামালের মূল্য ৯ লাখ ৪৪ হাজার ৩০০ টাকা লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা সীমান্তে বিজিবি ও টাস্কফোর্সের পৃথক অভিযানে দুই চোরাকারবারিকে আটক করা হয়েছে। এ সময় ভারতীয় ১০টি গরু, ইয়াবা, শাড়ি ও কাশ্মীরি চাদরসহ বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৯ লাখ ৪৪ হাজার ৩০০ টাকা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) অধীন নাজিরগোমানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আকতারের নেতৃত্বে যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। বিজিবি, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে কাউয়ামারী বাজার এলাকা থেকে দুই চোরাকারবারি ও আটটি ভারতীয় গরু আটক করা হয়।
এ ছাড়া বুড়িমারী, ঝালংগী, সিংগীমারী ও পূর্ব সারডুবি বিওপির বিশেষ টহল দল পৃথক অভিযান চালিয়ে আরও ভারতীয় গরু, মাদকদ্রব্য ও বিভিন্ন পণ্য জব্দ করে।
বিজিবি জানায়, বুড়িমারী বিওপির টহল দল আন্তর্জাতিক চেকপোস্টের (আইসিপি) জিরো পয়েন্ট থেকে সাতটি ভারতীয় শাড়ি ও সাতটি কাশ্মীরি চাদর জব্দ করে। ঝালংগী বিওপির টহল দল পকেটপাড়া এলাকা থেকে একটি ভারতীয় গরু এবং হাতীবান্ধার সিংগীমারী বিওপির টহল দল কানিপাড়া এলাকা থেকে আরও একটি ভারতীয় গরু জব্দ করে।
অন্যদিকে, পূর্ব সারডুবি বিওপির টহল দল পূর্ব সারডুবি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে ৬৮টি ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, চোরাচালানের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে বিজিবি থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
লালমনিরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
৩ দিন আগে