মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

গণতন্ত্রের নতুন অধ্যায় শুরু হবে এই নির্বাচনে: দুলু


প্রকাশ : (৫ মাস আগে)
গণতন্ত্রের নতুন অধ্যায় শুরু হবে এই নির্বাচনে: দুলু

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট-৩ সদর আসনের প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, আমি রংপুর বিভাগের প্রায় প্রতিটি আসনের খোঁজখবর নিয়েছি। এখন পর্যন্ত সবখানে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে লালমনিরহাটের বড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্রের নতুন অধ্যায় এবং নতুন বাংলাদেশের জয়যাত্রা শুরু হবে।

তিনি উল্লেখ করেন, গত ১৭ বছর ধরে বাংলাদেশের মানুষ এমন একটি অবাধ ও আনন্দঘন পরিবেশে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছিল। অনেক আত্মত্যাগের বিনিময়ে জাতি আজ এই দিনটি পেয়েছে। প্রতিটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে যে মানুষ গণতন্ত্রের ধারায় ফিরতে উন্মুখ।

তিনি বলেন, গত রাতে কিছু নেতিবাচক তথ্য পাওয়ায় কিছুটা শঙ্কা তৈরি হলেও সকালের পরিবেশ দেখে আশাবাদী হয়েছি।

নির্বাচনের ফলাফল ও চূড়ান্ত পরিস্থিতি নিয়ে এখনই মন্তব্য করতে নারাজ। তিনি বলেন, আমরা বিকেল ৪টা পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করব। ভোটগ্রহণ শেষ হওয়ার পরই সার্বিক বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করব।

বিজ্ঞাপন