বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য
/ রাজনীতি

জুলাইয়ের অসমাপ্ত আন্দোলন সমাপ্ত করতে সাধারণ মানুষ মাঠে নামবে : রংপুরে জিএম কাদের


প্রকাশ :

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জুলাইয়ের গণআন্দোলন সফল-বিফল নয়, অসমাপ্ত। মানুষ বৈষম্যহীন সমাজ, জবাবদিহিতামূলক সরকার ও সরকারী ব্যবস্থার জন্য আন্দোলন করেছিল। কিন্তু দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার কাজ অসমাপ্ত রয়ে গেছে। তাই জুলাইয়ের অসমাপ্ত আন্দোলন সমাপ্ত করতে সাধারণ মানুষ আবারও মাঠে নামবে।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে রংপুর নগরীর দর্শনা পল্লী নিবাসে স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা নেই। মানুষের জানমাল, ইজ্জতের নিরাপত্তা নেই। যাকে ইচ্ছা করছে মেরে ফেলা হচ্ছে, লুটপাট করা হচ্ছে। আমাদের দেশের ইতিহাসে কখনো দেখি নাই যে থানার ওসি সাহেব হাউমাউ করে কাঁদছে আমি কি করবো, আমাকে বাঁচান বলে। পুলিশ যখন নিজে বাঁচার জন্য সাহায্য চায়, তখন দেশকে কে বাঁচাবে।  

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলেও জামায়াত-শিবির ও তাদের দোসরদের সাথে ভাগ বাটোয়ারা ঠিকই রেখেছে। তারা বাহিরে মানুষকে নানাভাবে বিভ্রান্ত করে বোকা বানাচ্ছে। ভিতরে ভিতরে নেতা-নেতার সম্পর্ক ঠিক রয়েছে। তাদের আসল শত্রু আওয়ামী লীগ ও ছোট শত্রু জাতীয় পার্টি। তারা ভাবে এগুলোকে জবাই না করা পর্যন্ত তাদের শান্তি নাই।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুরু হওয়া দেশে অত্যাচার-অনাচার কম হয়নি। এখনও আওয়ামী লীগ ও দোসর বলে মব তৈরী করা হচ্ছে। আওয়ামী লীগ তাদের আমলে নির্দিষ্ট রাজনৈতিক ব্যক্তিদের জেলে দিতো। এখনও সাধারণ মানুষকে ট্যাগ দিয়ে হত্যা করা হচ্ছে। ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হচ্ছে। বিরোধী পক্ষের উপর অত্যাচার কমেনি বরং বেড়েছে। দেশ এখনও ফ্যাসিবাদ থেকে উদ্ধার হয়নি।  

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, চাকুরী-ব্যবসা প্রতিষ্ঠা দখলের চেয়ে বিএনপি সরকার জঘন্যতম কাজ করেছে নির্বাচিত জনপ্রতিনিধিকে তার পদ থেকে চ্যুত করা। আমাদের দলের সিটি মেয়র বিপুল ভোটে জয়লাভ করেছিল। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। সেই মেয়রকে দায়িত্ব থেকে বাদ দেয়া হয়েছে। তারা কালো আইন তৈরী করে নিজের দলের লোকজনকে সেই সমস্ত দপ্তরগুলোতে বসাচ্ছে। যে কোন নির্বাচিত জনপ্রতিনিধিকে যখন-তখন বের করে দিয়ে সেখানে নিজেদের লোকজনকে বসাতে পারবে এমন আইন তারা তৈরী করেছে। আমরা কি বিএনপিকে সবকিছু দিয়ে ফেলেছি। সারাদেশের লোকজন কি তাদের চাকর।

শেখ হাসিনার ফেরা প্রসঙ্গে জিএম কাদের বলেন, আমি মনেকরি উনার দেশে আসাটা অত্যন্ত জরুরী। দেশে উনার একটি রাজনৈতিক অবস্থান রয়েছে। উনার বাবা ও পরিবার দেশের জন্য কাজ করেছে। উনার দেশের আসার উপর দলের অস্তিত্ব নির্ভর করবে। উনি বুঝেন, প্রজ্ঞাবান রাজনীতিবীদ। আমার ধারণা উনি একটা ব্যবস্থা করেছে। তবে উনি দেশে আসলে বড় ধরনের অস্থিরতা তৈরী হবে।    

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় নেতা আজমল হোসেন লেবু, নুরে আলম যাদু মিয়া, এসএম ফখর-উজ-জামান জাহাঙ্গীরসহ অন্যরা। আলোচনা সভা শেষে হুসেইন মুহম্মদ এরশাদের কবরে পুস্পার্ঘ্য অপর্ণ করে শ্রদ্ধা নিবেদনসহ দোয়ায় অংশ নেন নেতাকর্মীরা।