বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল আইন-আদালত মতামত অন্যান্য
/ রাজনীতি

গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকার টিকতে পারবে না : নাসীরুদ্দীন পাটোয়ারী


প্রকাশ :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, গণভোটের রায় বাস্তবায়ন না করলে এ সরকার থাকতে পারবে না। দ্রুত সময়ের মধ্যে সরকারকে লাল কার্ড দেখানো হবে। মঙ্গলবার দুপুরে হাতীবান্ধা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত খাদিমুল ইসলামের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করে বলেন, সরকার দেশ পরিচালনায় ব্যর্থ হয়েছে। বর্তমান মন্ত্রিসভার অনেককে তিনি হাওয়া ভবনের মন্ত্রী বলেও মন্তব্য করেন। এ সময় তিনি আরও অভিযোগ করেন, বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির দুর্বলতার কারণে সীমান্তে হত্যাকাণ্ড বাড়ছে। ‘তার দল ক্ষমতায় গেলে সীমান্তে নিহত বাংলাদেশিদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে এবং তাদের পরিবারকে পুনর্বাসনসহ আবাসন সুবিধা দেওয়া হবে।’

তিনি আরও দাবি করেন, ভারতের অভ্যন্তরীণ নাগরিকত্ব ইস্যু নিয়ে নতুন করে মানবিক সংকট তৈরি হতে পারে, যা সীমান্তবর্তী অঞ্চলে প্রভাব ফেলতে পারে। এ কারণে সীমান্তবাসীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এছাড়া সীমান্ত নিরাপত্তা জোরদার, বিজিবির টহল বৃদ্ধি এবং বাহিনীর বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা বাড়ানোর দাবি জানান।

তিস্তা নদীর পানি বণ্টন প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, নদীতে আমরা পানি চাই, যেকোনো মূল্যে পানি চাই। পানির জন্য প্রয়োজন হলে দক্ষিণ এশিয়ায় যুদ্ধও হতে পারে। পানি ছাড়া আমরা বাঁচতে পারবো না।

বাংলাদেশের পানির প্রশ্নে কোনো দল নেই, একটাই পরিচয়—আমরা সবাই বাংলাদেশি। সীমান্তে ভারতীয় বাহিনীর সব ধরনের নির্যাতন ও সহিংসতা বন্ধ করতে হবে। এনসিপি সীমান্তে সকল ধরনের সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

আমঝোল সীমান্ত এলাকার খরপো নদীতে মাছ শিকার করতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত খাদেমুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এসময় কেন্দ্রীয় সংগঠক মোস্তাক আহমেদ শিশির, রাসেল আহমেদ উপস্থিত ছিলেন।