ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে জোর তৎপরতা শুরু করেছে বিএনপি। আগামী ১২ মে অনুষ্ঠিতব্য নির্বাচন ঘিরে দলটির নারীনেত্রীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রতিযোগিতা দেখা যাচ্ছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রতি ছয়টি সাধারণ আসনের বিপরীতে একটি সংরক্ষিত আসন বণ্টনের ভিত্তিতে বিএনপি জোটের ভাগে পড়তে পারে ৩৬টি আসন। এছাড়া জামায়াত জোট পেতে পারে ১৩টি এবং স্বতন্ত্রদের জন্য থাকতে পারে একটি আসন।
এদিকে সংরক্ষিত আসনে মনোনয়ন পেতে আগ্রহীরা ভিড় করছেন রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। শুক্রবার থেকে শুরু হওয়া মনোনয়ন ফরম বিক্রি চলবে রোববার পর্যন্ত। প্রথম দিনেই ৫০০-এর বেশি ফরম বিক্রি হয়েছে। এর আগেই কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই প্রায় সাত শতাধিক নেত্রী আগাম আবেদন জমা দেন।
মনোনয়নপ্রত্যাশীরা নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড, ত্যাগ ও অভিজ্ঞতার বিবরণ তুলে ধরছেন দলীয় নীতিনির্ধারকদের কাছে। বিশেষ করে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, কারাভোগ এবং সাংগঠনিক দক্ষতার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। সাবেক ছাত্রনেত্রী, কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও মহিলা দলের নেত্রীরা এই প্রতিযোগিতায় এগিয়ে রয়েছেন।
দলীয় হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণে অনেকে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন, কেউ কেউ সংশ্লিষ্ট সংসদীয় এলাকায় গিয়েও তৎপরতা চালাচ্ছেন।
দলীয় সূত্র বলছে, এবার মনোনয়নে নবীন ও প্রবীণের সমন্বয় করার পরিকল্পনা রয়েছে। অভিজ্ঞ নেত্রীদের পাশাপাশি শিক্ষিত, রাজনৈতিকভাবে সক্রিয় এবং ছাত্র রাজনীতি থেকে উঠে আসা তরুণীদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। পাশাপাশি বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত নারীদেরও বিবেচনায় রাখা হচ্ছে।
মনোনয়নপ্রত্যাশীদের তালিকায় আলোচনায় রয়েছেন আফরোজা আব্বাস, শিরীন সুলতানা, রাশেদা বেগম, রেহেনা আক্তার, শাম্মী আক্তার, হেলেন জেরিন খান, নাজমুন নাহার বেবী, আরিফা সুলতানা, সেলিনা হাফিজ, নুরুন্নাহার রেজা, সানজানা চৈতি, সানজিদা ইসলাম, কণ্ঠশিল্পী কনকচাঁপা, বেবী নাজনীন ও তাহসিন শরমিন তামান্না।
এছাড়া আলোচনায় আছেন সুলতানা আহমেদ, নিপুণ রায় চৌধুরী, নীলুফার চৌধুরী, বিলকিস ইসলাম, সৈয়দা আসিফা আশরাফী, রোখসানা খানম, আয়েশা সিদ্দিকা, নেওয়াজ হালিমা, ফরিদা ইয়াসমীন, সানসিলা জেবরিন, সাবিরা সুলতানা, চৌধুরী নাদিরা আক্তার, মনোয়ারা বেগম ও রুমা আক্তারসহ আরও অনেকে।
এছাড়া প্রয়াত ও সাবেক শীর্ষ নেতাদের পরিবারের সদস্যরাও মনোনয়নের দৌড়ে রয়েছেন। তাদের মধ্যে হাসনা জসিমউদ্দীন মওদুদ, সালিমা বেগম, শাকিলা ফারজানা, ফেরদৌসী আহমেদ, খায়রুন নাহার, মাহমুদা হাবিবা, সুলতানা জেসমিন, আসমা আজিজ, নেওয়াজ হালিমা আরলী, ফাহিমা নাসরিন, নাসিমা আক্তার কল্পনা, বীথিকা বিনতে হোসাইন, রোকেয়া চৌধুরী, সুরাইয়া বেগম ও অধ্যাপক নাজমা সুলতানাসহ অনেকেই রয়েছেন।
দলের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, পার্লামেন্টারি বোর্ড যোগ্যতা, ত্যাগ ও সাংগঠনিক অবদান বিবেচনা করে চূড়ান্ত প্রার্থী নির্ধারণ করবে। বিশেষ করে দুর্দিনে সক্রিয় থাকা এবং সংসদীয় কাজে দক্ষ নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে বলে জানা গেছে।