মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

সবাইকে বিএনপি কর্মী হয়ে কাজ করে জয়ী করতে হবে- বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল


প্রকাশ : (৫ মাস আগে)
সবাইকে বিএনপি কর্মী হয়ে কাজ করে জয়ী করতে হবে- বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল

লালমনিরহাট-২ আদিতমারী-কালিগঞ্জ আসনের বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে বিএনপির কর্মী হয়ে কাজ করে বিএনপি প্রার্থীকে জয়ী করতে হবে। দীর্ঘ ১৭টি বছর আমরা ভোটের বাইরে ছিলাম, ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। আপনারা জানেন আমি যেমন একজন সমাজকর্মী, তেমনি একজন রাজনীতিবিদ কর্মী। পাশাপাশি কয়েকটি ভোটযুদ্ধে আমি অংশগ্রহণ করেছিলাম, আপনারা ভোট দিলেও আমি নানা কারণে জয়ী হতে পারিনি। শত বাধা প্রতিকূলের মাঝেও আপনারা কিন্তু আমাকে ছেড়ে চলে যাননি, আমিও কিন্তু আপনাদের ছেড়ে চলে যাইনি। তাই আজ সময় এসেছে সেই সময়ের কাজ করতে হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে লালমনিরহাট কালিগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোয়া স্কুল এন্ড কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে এবং আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারব, ভোটাধিকার ফিরে পাব। এটি কি এমনি এমনিতেই হয়নি? দীর্ঘ ১৭টি বছর সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী মরহুম প্রয়াত দেশনেত্রী খালেদা জিয়া দীর্ঘ সময় আন্দোলন করে ত্যাগ, নির্যাতন ও নিপীড়ন স্বীকার হয়ে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থান হয়েছে। এটি একমাত্র দেশনেত্রী খালেদা জিয়ার অবদান। ১৭টি বছর একজন বৃদ্ধা মহিলা ৬ বছর জেল খেটেছেন, তার সন্তান ১৭টি বছর প্রবাসে জীবনযাপন করেছেন। আরেকটি সন্তানকে হারিয়ে ফেলেছেন। এত ত্যাগ তিতিক্ষার ফলে আমরা আমাদের ভোটাধিকার ফিরে পাব বলে আশাবাদী, কিন্তু সেই মানুষটি আজ আমাদের মাঝে নেই। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। সেই প্রয়াত দেশনেত্রীর প্রতিপাদ্য বিষয় ছিল জনগণই সকল ক্ষমতার উৎস। এই কথাটি আমি বুকে লালন ও ধারণ করি। সেই বিশ্বাসে পথ চলি এবং রাজনীতি করি। বারবার আপনারা ভোট দেন, আমি জয়ী হতে পারি না। সৎ পথে থাকলে এর জয় ইনশাআল্লাহ হবেই। ভোট কোনোদিন বৃথা যায় না। যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে, সময় নেই। দুই উপজেলায় অনেক ভোটার আছে, সবার কাছে যাওয়া সম্ভব হবে না। তাই আপনারা সবাই বিএনপির কর্মী হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে তারেক রহমানের হাতে উপহার তুলে দিতে পারি—এই আহ্বান জানান।

জনসভায় চলবলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান গোলাপ হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাবেক সভাপতি আক্কেল আলী মাস্টার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিধান চন্দ্র, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অতুল চন্দ্র অধিকারী, কালিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য পাশা, জামায়াতের সাবেক আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মাস্টার, গোড়ল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গজর উদ্দিন পাটোয়ারি ও প্রভাষক মাসুদ রানা প্রমুখ।

বিজ্ঞাপন