মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান, জনসভা ঘিরে বিএনপিতে ব্যাপক প্রস্তুতি


প্রকাশ : (৫ মাস আগে)
২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান, জনসভা ঘিরে বিএনপিতে ব্যাপক প্রস্তুতি

দীর্ঘ ২২ বছর পর আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ইতোমধ্যে জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আজ দুপুর ২টায় ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে নির্বাচনি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এ জনসভায় স্মরণকালের অন্যতম বড় জনসমাগম হবে বলে আশা করছেন বিএনপি নেতারা।

তারেক রহমানের আগমন উপলক্ষে সার্কিট হাউস মাঠে ৬৪ ফুট দৈর্ঘ্য ও ৪৪ ফুট প্রস্থের একটি বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে। জনসভায় ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দেওয়া হবে এবং তাদের পক্ষে ভোট চাইবেন বিএনপি চেয়ারম্যান। জনসভায় সভাপতিত্ব করবেন ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে বিজয়ী করতে করণীয় বিষয়ে দিকনির্দেশনাও দেবেন তারেক রহমান। তার নির্দেশনা অনুযায়ী ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে মাঠে কাজ করবেন বলে জানিয়েছেন নেতাকর্মীরা।

এদিকে সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম জানান, চার জেলা ছাড়াও মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এবং উপজেলার নেতাদের সঙ্গে একাধিক প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে। সব ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জনসমাবেশস্থলের বিভিন্ন পয়েন্টে এলইডি স্ক্রিন বসানো হবে এবং নারীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আরও বলেন, সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভায় অংশ নিয়েছিলেন। প্রায় ২২ বছর পর তার আগমনে পুরো অঞ্চলের মানুষ উচ্ছ্বসিত। সার্কিট হাউস মাঠসহ আশপাশের এলাকাজুড়ে ব্যাপক লোকসমাগম হবে বলে আশা করা হচ্ছে। সমাবেশস্থলে সুপেয় পানির ব্যবস্থা থাকবে এবং পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সমাবেশ আয়োজন করা হচ্ছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন