ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও প্রস্তাবিত গণভোটের প্রস্তুতির অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় প্রচারণা চালানোর সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয় নিশ্চিত করতে দলটি দেশের বিভিন্ন এলাকায় ২৭০ জন ‘অ্যাম্বাসেডর’ নিয়োগ দেবে।
দলীয় সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যেসব আসনে এনসিপির নিজস্ব প্রার্থী থাকবেন, সেখানে গণভোট প্রচারণার নেতৃত্ব দেবেন সংশ্লিষ্ট প্রার্থীরা। অন্য আসনে দলীয় প্রার্থী না থাকলে মাঠপর্যায়ে কাজ করার জন্য আলাদা ২৭০ জন অ্যাম্বাসেডর দায়িত্ব পাবেন। এই কার্যক্রমের সমন্বয় করবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিও পুনর্গঠন করা হয়েছে। নতুন ৩১ সদস্যের কমিটিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এবং সেক্রেটারি হয়েছেন মনিরা শারমিন। কমিটিতে আরও ২৯ জন সদস্য রয়েছেন।
নেতাদের আশা, এই সমন্বিত কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে গণভোট সচেতনতা বৃদ্ধি পাবে এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে শক্তিশালী জনমত তৈরি হবে।
এনসিপি আসন্ন সংসদ নির্বাচনে জামায়াত নেতৃত্বাধীন জোটের সঙ্গে সমন্বয় করে অংশগ্রহণের প্রস্তুতিও নিচ্ছে। প্রাথমিকভাবে প্রায় ৩০টি আসনে সমঝোতার আলোচনা চললেও এখনো চূড়ান্ত আসন বণ্টন হয়নি। ইতিমধ্যে ৪৪টি আসনে এনসিপির প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। আসন সমঝোতা চূড়ান্ত হলে দলীয় প্রার্থীরা জোটের প্রার্থীদের পক্ষে মাঠে কাজ করবেন।