ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রেজাউল করিম শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে যাচাই শেষে এ সিদ্ধান্ত জানান।
মনোনয়ন বাতিলের কারণ ব্যাখ্যা করে তাসনিম জারা বলেন, তার মনোনয়নপত্রে স্বাক্ষর দেওয়া দুই সমর্থক ঢাকা-৯ আসনের ভোটার নন বলে নির্বাচন কমিশনের তথ্যে উল্লেখ রয়েছে। ওই দুজন নিজেদের এই আসনের ভোটার মনে করেই স্বাক্ষর করেছিলেন। তবে কমিশনের ডাটাবেজে তারা অন্য এলাকার ভোটার হিসেবে তালিকাভুক্ত।
এ বিষয়ে তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের অনলাইন ব্যবস্থায় আগেভাগে ভোটার যাচাইয়ের কার্যকর সুযোগ নেই। ফলে অনিচ্ছাকৃতভাবে এই জটিলতা তৈরি হয়েছে।
তাসনিম জারা আরও জানান, নিয়ম অনুযায়ী প্রয়োজনের চেয়ে অতিরিক্ত সমর্থকের স্বাক্ষর তিনি জমা দিয়েছিলেন এবং আটজন সমর্থকের স্বাক্ষর যাচাইও করা হয়। এরপরও মনোনয়ন বাতিল হওয়ায় তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করার প্রক্রিয়া শুরু করেছেন।
উল্লেখ্য, ঢাকা-৯ আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই কার্যক্রম শেষ হওয়ার কথা ৪ জানুয়ারি। প্রার্থিতা নিয়ে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ১২ ফেব্রুয়ারি।