জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে তিনি জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন।
শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১১টা ৩৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তারেক রহমান। পরে সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।
এর আগে একই স্থানে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন বিএনপির এই শীর্ষ নেতা।
কবর জিয়ারত শেষে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের জন্য নির্বাচন কমিশন অফিসে যাওয়ার কর্মসূচি ছিল তারেক রহমানের। এরপর জুলাই গণঅভ্যুত্থানে আহতদের খোঁজখবর নিতে রাজধানীর শ্যামলীতে অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু হাসপাতাল) পরিদর্শনের কথা থাকলেও সেখানে আহত কেউ না থাকায় ওই কর্মসূচি বাতিল করা হয়।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। সেদিন তিনি বিমানবন্দর থেকে রাজধানীর ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় অংশ নেন। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসায় যান।
এর পরদিন শুক্রবার (২৬ ডিসেম্বর) তিনি শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। পরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।