মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

তারেক রহমানের যাতায়াতের সুবিধায় সাময়িকভাবে শাহবাগ ছাড়লো ইনকিলাব মঞ্চ


প্রকাশ : (৬ মাস আগে)
তারেক রহমানের যাতায়াতের সুবিধায় সাময়িকভাবে শাহবাগ ছাড়লো ইনকিলাব মঞ্চ

জুলাই বিপ্লবের শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যাতায়াত নির্বিঘ্ন রাখতে রাজধানীর শাহবাগ মোড় সাময়িকভাবে ছেড়ে দিয়েছেন ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে সংগঠনটির নেতাকর্মীরা শাহবাগ মোড় থেকে সরে গিয়ে পার্শ্ববর্তী আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়ে তাদের কর্মসূচি পালন শুরু করেন।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের জানান, তারেক রহমানের পূর্বনির্ধারিত কর্মসূচি শেষ হওয়ার পর বেলা ১২টার দিকে তারা পুনরায় শাহবাগ মোড়ে ফিরে গিয়ে অবরোধ কর্মসূচি শুরু করবেন। এর আগে শুক্রবার রাতভর কনকনে শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।

শহীদ ওসমান হাদির মৃত্যুর এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। তাদের বক্তব্য, দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় না আনা হলে শাহবাগে অবস্থান ও অবরোধ কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাওয়া হবে।

গতকাল রাতেও শাহবাগ এলাকায় অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন এবং সরকারের নিষ্ক্রিয়তার প্রতিবাদে স্লোগান দেন। ইনকিলাব মঞ্চের নেতাদের ভাষ্য, শহীদদের আত্মত্যাগের প্রতি অবহেলা মেনে নেওয়া হবে না এবং বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী আজ বেলা ১১টার দিকে তারেক রহমান শহীদ ওসমান হাদির কবর জিয়ারতে যাবেন। এ সময় তার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।

তারেক রহমানের এই সফর ও নিরাপত্তা বিবেচনায় নিয়েই ইনকিলাব মঞ্চ স্বেচ্ছায় শাহবাগ মোড় ছেড়ে পাশের এলাকায় অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। কবর জিয়ারত শেষে তারেক রহমান পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে যেতে পারেন। এরপর আন্দোলনকারীরা আবারও তাদের মূল অবস্থানে ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, গত কয়েক দিন ধরে শাহবাগ এলাকায় এই আন্দোলনকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। খোলা আকাশের নিচে রাত কাটিয়েও আন্দোলনকারীরা তাদের দাবিতে অনড় রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, তারা কোনো রাজনৈতিক কর্মসূচিতে বাধা দিতে চান না। শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করে জনমত গঠনই তাদের মূল লক্ষ্য। তবে দুপুরের পর পুনরায় শাহবাগ অবরোধ করা হলে ওই এলাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিজ্ঞাপন