মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
সর্বশেষ বিশেষ সংবাদ জাতীয় সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন বাণিজ্য লাইফস্টাইল লালমনিরহাট মতামত অন্যান্য

২৯ ঘণ্টায় ৪৭ লাখ টাকা তহবিল সংগ্রহ, ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করলেন ডা. তাসনিম জারা


প্রকাশ : (৬ মাস আগে)
২৯ ঘণ্টায় ৪৭ লাখ টাকা তহবিল সংগ্রহ, ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করলেন ডা. তাসনিম জারা

ঢাকা-৯ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর প্রার্থী ডা. তাসনিম জারা নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য মাত্র ২৯ ঘণ্টায় ৪৭ লাখ টাকা তহবিল সংগ্রহ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আহ্বান জানিয়ে বিকাশ, নগদ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই অর্থ সংগ্রহ করা হয়।

তহবিল সংগ্রহ সম্পন্ন হওয়ার পর তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেন। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে দেওয়া এক পোস্টে ডা. তাসনিম জারা জানান, নির্ধারিত লক্ষ্যমাত্রার অর্থ নির্ধারিত সময়ের আগেই পূরণ হওয়ায় আপাতত আর কোনো অনুদান গ্রহণ করা হচ্ছে না।

পোস্টে তিনি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সাড়া প্রচলিত রাজনৈতিক অর্থনৈতিক কাঠামোর বাইরে গিয়ে একটি ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করেছে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, সামনে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও কঠিন হবে, যেখানে অনেক প্রার্থী বিপুল অঙ্কের অর্থ ব্যয় করবেন।

পরবর্তী আরেকটি পোস্টে ডা. তাসনিম জারা তহবিল সংগ্রহের স্বচ্ছতা নিশ্চিত করতে অনুদানদাতাদের পাঠানো অর্থের বিস্তারিত হিসাব প্রকাশ করেন। সেখানে বিকাশের মাধ্যমে প্রাপ্ত অনুদানের তারিখ, সময়, ট্রানজেকশন আইডি ও টাকার অঙ্ক লাইন-বাই-লাইনভাবে উল্লেখ করা হয়।

তিনি জানান, অনুদান গ্রহণের সময় যে স্বচ্ছতার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার অংশ হিসেবেই এই তথ্য প্রকাশ করা হয়েছে।

এর আগে জাতীয় নাগরিক পার্টির একাধিক প্রার্থী নির্বাচনী ব্যয় জোগাড় করতে সামাজিক যোগাযোগমাধ্যমে আর্থিক সহায়তার আহ্বান জানান। তাদের মধ্যে ঢাকা-১৭ আসনের প্রার্থী ডা. তাজনূভা জাবীন এবং সিরাজগঞ্জ-৩ আসনের প্রার্থী দিলশানা পারুলও রয়েছেন। এ উদ্যোগে বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষের সাড়া পাওয়া গেছে বলে জানা যায়।

বাংলাদেশের সংসদ নির্বাচনের ইতিহাসে প্রার্থীদের পক্ষ থেকে এভাবে প্রকাশ্যে ক্রাউড ফান্ডিংয়ের ঘটনা খুব একটা দেখা যায়নি। তবে এনসিপি দল হিসেবে আত্মপ্রকাশের পর এর আগে একবার দলীয়ভাবে তহবিল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন